বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার উপযুক্ত জবাব দিবেন বলে জানালেন বিক্রম প্রধান - The News Lion

বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার উপযুক্ত জবাব দিবেন বলে জানালেন বিক্রম প্রধান

 


দি নিউজ লায়নঃ   বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার  দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতন দুই নম্বর ব্লকের সোলেমানপুর গ্রামে দলের প্রয়াত কর্মী শ্রীধর পণ্ডার স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন দাঁতন কেন্দ্রের তৃণমূল কংগ্রেসএর প্রার্থী বিক্রম প্রধান সহ দলের কর্মী ও সমর্থকরা। শ্রীধর পন্ডার আবক্ষ মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান বিক্রম প্রধান সহ দলের অন্যান্য নেতৃত্বরা। উল্লেখ করা যায় যে ২০০১ সালের ১১ই মার্চ তৃণমূল কংগ্রেস করার অপরাধে শ্রীধর পন্ডা কে নৃশংস ভাবে খুন করেছিল সিপিএম। তারপর থেকে প্রতিবছর সোলেমানপুর গ্রামে তার স্মরণসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। ওই সভায় দাঁড়িয়ে দাঁতন কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান বলেন শ্রীধর পন্ডার রক্ত বিফলে যায়নি। 


শ্রীধর পন্ডার মত হাজার হাজার তৃণমূল কর্মীর রক্তের বিনিময়ে আমরা বাংলা থেকে সিপিএম উৎখাত করতে পেরেছি। তিনি আজও আমাদের মাধ্যমে বেঁচে রয়েছেন। তিনি সবার অন্তরে জায়গা করে নিয়েছেন ।তিনি দলীয় কর্মীদের বলেন হিংসা ও সন্ত্রাস করে কেউ বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। তাই অত্যাচারী সিপিএমকে বাংলার মানুষ সরিয়ে দিয়েছে। তেমনি সাম্প্রদায়িক শক্তি বিজেপি যে ভাবে বাংলা জুড়ে সন্ত্রাস শুরু করেছে তাকেও বাংলার মানুষ যোগ্য জবাব দেবে। বুধবার যেভাবে দল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নন্দীগ্রামে হামলা চালানো হয়েছে তা অতি নিন্দনীয় ঘটনা বলে তিনি জানান। তিনি বলেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সুপরিকল্পিত হামলা চালিয়েছে বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দিবে। বাংলার লক্ষ লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে এবং আগামী দিনেও থাকবে । 


অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ফের রুখে দাঁড়াবে ।তাই মমতা বন্দ্যোপাধ্যায় কে সরিয়ে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। কিন্তু উপরওলার আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণে বেঁচে গিয়েছেন।  তাই তিনি দলীয় কর্মীদের বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার প্রতিবাদে আপনারা আন্দোলনে শামিল হোন এবং আগামী ২৭ শে  মার্চ বিধানসভা নির্বাচনে ইভিএম মেশিনে সাম্প্রদায়িক শক্তিকে যোগ্য জবাব দিন। সেই সঙ্গে তিনি বলেন বিজেপি যত হামলা ও সন্ত্রাস চালাবে, তৃণমূল কংগ্রেস ততই বাড়বে। তাই সন্ত্রাস ও হামলা চালিয়ে তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করা যাবে না বরং যারা  বাংলা জুড়েএই সন্ত্রাস শুরু করেছে তাদেরকে বাংলার মানুষ আগামী দিনে প্রত্যাখ্যান করবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.