ঝাড়গ্রামে গুলি বিদ্ধ এক তৃণমূল কর্মী
দি নিউজ লায়নঃ শনিবার ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ভোট পর্ব শেষ হওয়ার পর রবিবার বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক সম্মেলন করে জানান প্রথম পর্বের যে ৩০ টি আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে ২৬ টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে। অমিত শাহের সাংবাদিক সম্মেলনের পর জঙ্গলমহলের চারটি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে ধরে নিয়ে বিজেপি কর্মীরা ব্যাপক তাণ্ডব শুরু করেছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। রবিবার রাত্রি 10:30 মিনিট নাগাদ ঝাড়গ্রাম শহরের জামদা এলাকায় এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়। তার বাম হাতের বগলের নিচে গুলি লাগে।
তাকে প্রথমে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় রেফার করা হয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম মৃত্যুঞ্জয় মল্লিক। তার বয়স 27 বছর। তার বাড়ি ঝাড়গ্রাম শহরের বলরামডিহি এলাকার। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এছাড়াও ঝাড়গ্রাম শহরের কদমকানন এলাকার বাসিন্দা সুকদেব চ্যাটার্জী নামে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে জামদা এলাকায় রাস্তার ফেলে লাঠি দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়।সেই সঙ্গে তার বাইক ভেঙে দেওয়া হয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে। এছাড়াও ঝাড়গ্রাম পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কল্লোল তফাদার কে মারধর করা হয়েছে। ওই দুজনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝাড়গ্রামের পাশাপাশি গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রগড়া এলাকায় বিজেপি ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ।যার ফলে আহত হয় বিপিন সিং নামে এক তৃনমূলের কর্মী।তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝাড়গ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিরবাহা হাঁসদা অভিযোগ করে বলেন যেভাবে নির্বাচন শেষ হওয়ার পর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে, তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তা অতি নিন্দনীয় ঘটনা । তিনি বলেন পুলিশ প্রশাসনকে বলেছি শান্তি ফিরিয়ে আনতে এবং অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে। তিনি দলীয় কর্মীদের বিজেপির হিংসার ফাঁদে পা না দেওয়ার আবেদন জানান। সেই সঙ্গে তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন। তবে তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো। তিনি বলেন ওই ঘটনার সাথে বিজেপির কেউ জড়িত নয়। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।তবে ওই এলাকাগুলিতে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Post a Comment