ঝাড়খন্ডে ভয়ঙ্কর দুর্ঘটনা, পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ল লরি, নিহত মালদার 3
দি নিউজ লায়ন; ঝাড়খন্ডে পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে মৃত্যু হল পুরাতন মালদার বাসিন্দা লরি চালক , খালাসী সহ তিনজনের । রবিবারের রাতে পথ দুর্ঘটনার পর সোমবার রাতে কফিনবন্দি তিনজনের মৃতদেহ নিয়ে আসা হয় পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী পাড়াসামুনডাই এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে মৃত ওই তিনজনের পরিবারের লোকেরা। ওই পরিবারগুলির একমাত্র উপার্জনকারী ছিলেন মৃত তিন যুবক । যারা লরি চালক, খালাসি এবং সহযোগী হিসেবে কাজ করছিলেন ।
ঝাড়খন্ডে শালপাতা আনতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। আর তারপর থেকেই এখন পুরাতন মালদা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাড়াসামুনডাই এলাকা যেন শোকে মুহ্যমান হয়ে পড়েছে। এই অবস্থায় মৃত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রবিবার রাতেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন পুরাতন মালদা পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ, মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জল চৌধুরি, দলের পুরাতন মালদা টাউন সভাপতি বিভূতি ঘোষ সহ অন্যান্যরা। তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সাহিল শেখ (১৮), রাজ শেখ (১৮), ছোটন শেখ (২৩)। এরা তিনজনেই পুরাতন মালদা পৌরসভার পাড়াসামুন্ডি এলাকার বাসিন্দা। মৃত ছোটন শেখ লরি চালক ছিলেন। বাকি দুইজন খালাসী হিসেবে কাজ করতেন । গত শনিবার ঝাড়খণ্ডের পাকুর থানার লাবদাঘাট এলাকায় শালপাতা আনতে গিয়েছিলেন তারা। রবিবার পাহাড়ি রাস্তা দিয়ে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৭০ মিটার নিচে খাদে পড়ে যায় ওই লরিটি। তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। এরপর ঝারখন্ড পুলিশ ওই তিনজনের দেহ উদ্ধার করার পর ময়না তদন্তের ব্যবস্থা করে। তারপরে সোমবার রাতে ওই তিনজনের কফিনবন্দি দেহ পুরাতন মালদার পাড়াসামুনডি এলাকার বাড়িতে এসে পৌঁছায়।

Post a Comment