প্রার্থী বদল করতে হবে, মোথাবাড়িতে কংগ্রেস কার্যালয়ে ব্যাপক ভাঙচুর কর্মী-সমর্থকদের
দি নিউজ লায়ন; এবার প্রার্থী বদলের দাবি নিয়ে কংগ্রেস পার্টি অফিস ভাঙচুর করলেন দলের একাংশ ক্ষিপ্ত কর্মী-সমর্থকেরা। এমনকি দলীয় কার্যালয়ের সামনে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দুলাল শেখের বদলে মতিউর রহমানকে প্রার্থী করার দাবি তুলে শতাধিক কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের ১ ব্লকের অন্তর্গত কংগ্রেস পার্টি অফিসে। কংগ্রেস পার্টি অফিস ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু বিক্ষোভকারী কংগ্রেস কর্মী, সমর্থকদের স্পষ্ট বক্তব্য, মোথাবাড়ি কেন্দ্রে প্রার্থী বদল না করা হলে নির্বাচনের মুখে বৃহত্তর আন্দোলন শুরু হবে। আর এতেই চরম অস্বস্তিতে পড়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব।
দলের জেলা সভাপতি তথা সাংসদ আবু হাসেম খান চৌধুরী জানিয়েছেন , প্রার্থী বাছাইয়ের কাজটি প্রদেশে নেতৃত্ব এবং হাইকমান্ড করে থাকে। তাদের কাছে বেশ কয়েকজন প্রার্থীর তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল । দলের শীর্ষ নেতৃত্ব প্রার্থী ঠিক করেছে। সুতরাং এর বাইরে কিছু বলতে পারব না। উল্লেখ্য , মঙ্গলবার সকাল থেকেই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হতে থাকে। ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দুলাল শেখের বদলে মতিউর রহমানকে করতে হবে এমন দাবি তুলে কালিয়াচক ১ ব্লক কংগ্রেস কার্যালয়ে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন একাংশ কর্মী-সমর্থকেরা । এরপরই আচমকা ওই পার্টি অফিসের চেয়ার, টেবিল, বেঞ্চ সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষোভকারী কংগ্রেসের কর্মী সমর্থকেরা । তারপরে হাতে প্ল্যাকার্ড নিয়ে পার্টি অফিসের সামনে একাংশ কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখাতে থাকেন।
এদিন বিক্ষোভকারী একাংশ কর্মী-সমর্থকদের অভিযোগ, টাকার বিনিময় দুলাল শেখকে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে । অথচ এই দুলাল শেখ একসময় তৃণমূলের বিধায়ক সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ ছিলেন । এই কেন্দ্রে অনেক ভালো কংগ্রেসী নেতারা রয়েছেন। তাদের কাউকেই প্রার্থী হিসাবে বাছা হয় নি। তৃণমূলের সাথে গোপনে আঁতাত করতে এভাবেই দুলাল শেখকে প্রার্থী করা হয়েছে । তারই প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ দেখানো হয়েছে। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বদল না হলে আগামী দিনে আন্দোলন অব্যাহত থাকবে। এব্যাপারে জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ আবু হোসেন খান চৌধুরী জানিয়েছেন, আর্থিক লেনদেনের যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দলের শীর্ষ নেতৃত্ব প্রার্থী বাছাই করেছেন। কাজেই এখন কারা কি জন্য বিক্ষোভ দেখাচ্ছেন সেটা বলতে পারবো না।

Post a Comment