দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন গঙ্গা প্রসাদ শর্মা
দি নিউজ লায়নঃ দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন ভাজপার আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা। আলিপুরদুয়ার জেলায় ভাজপার প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রকাশ্যে তিনি তুমুল ক্ষোভ জানান। আলিপুরদুয়ার শহরে ভাজপার জেলা কার্যালয়ে বসে প্রকাশ্যেই এদিন তিনি ক্ষোভ জানিয়েছেন। রবিবার বিকেল তিনটের পর কেন্দ্রীয়ভাবে ভাজপা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে।
সেইসময় পার্টি অফিসে উপস্থিত ছিলেন ভাজপার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা, ভাজপার আলিপুরদুয়ার জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল, ভাজপা নেতা দীপক বর্মন সহ অন্যান্য নেতাকর্মীরা। প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হওয়ার পরই তীব্র ক্ষোভ জানিয়ে পার্টি অফিস ছেড়ে চলে যান ভাজপার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। এদিন পার্টি অফিসে নিজের চেম্বারে বসে সাংবাদিকদের গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, " আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে অশোক লাহিড়ি নামে একজনকে প্রার্থী করা হয়েছে। আমি অশোক লাহিড়িকে চিনি না। তিনি কোথায় থাকেন তাও জানিনা।
এর আগে কোনদিন দলীয় কোন কর্মসূচীতে তাকে আমি দেখিনি। এছাড়া জেলার কালচিনি বিধানসভাতে প্রার্থী করা হয়েছে দুই দিন আগে গোর্খা জনমুক্তি মোর্চা থেকে ভাজপায় যোগ দেওয়া বিশাল লামাকে। এই দুই প্রার্থী নির্বাচনে আমার কোনো মতামত নেওয়া হয়নি। আমি এই মুহূর্তে আর এর বেশি কিছু বলব না।" এরপরই পার্টি অফিস ত্যাগ করেন গঙ্গাপ্রসাদ শর্মা। গঙ্গাপ্রসাদ শর্মার সাথে ধীরে ধীরে আলিপুরদুয়ার জেলা কার্যালয় ও কর্মীশূন্য হয়ে পড়ে। রবিবার প্রার্থী ঘোষণার পর ফের প্রকাশ্যে তার ফের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের ফলাফল কি হয় তাই এখন দেখার।

Post a Comment