প্ররোচনায় পা না দিয়ে ঠান্ডা মাথায় ভোট করতে হবে, দলীয় কর্মীদের নির্দেশ পার্থর
দি নিউজ লায়নঃ কোন প্ররোচনায় পা দেবেন না,গুজবে কান দেবেন না। বিজেপির অপপ্রচার মানুষদের কাছে তুলে ধরুন। কর্মীদের এমনই নির্দেশ দিলেন তৃণমূলের মহাসচিব তথা বিদায়ী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার দুপুরে বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সরদারের সমর্থনে উত্তরভাগ চানক্যপুরিতে কর্মীসভায় এসে এই কথা বললেন তিনি। এদিন তিনি আরও বলেন,জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্যের প্রতিটি মানুষ মমতার যে কোন অন্তত একটি প্রকল্প থেকে উপকৃত হয়েছে। এবার মানুষের কাছে পৌঁছে যাবে রেশন,দোকানে আসতে হবে না।
কেন্দ্রের অর্থনৈতিক চাপের মধ্যেও সমাজের সর্ব স্তরের মানুষদের জন্য উন্নয়নের ছাপ রেখেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ভাষাভাষী মানুষদের ঐক্যবদ্ধ করে আরও মজবুত করতে হবে। এদিনের সন্মেলনে ছিলেন বারুইপুর পশ্চিমের প্রার্থী বিমান বন্দোপাধ্যায়, বারুইপুর পূর্বের প্রার্থী বিভাস সরদার, দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী,সাংসদ মিমি চক্রবর্তী,আই এন টি টি ইউ সি জেলার সভাপতি শক্তিপদ মণ্ডল,পুরসভার প্রশাসক শক্তি রায় চৌধুরী।
এদিন পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন,দলে গলদ থাকলে তা দূর করতে হবে। কর্মীদের সংঘটিত হতে হবে। এদিনের সভা থেকে সাংসদ মিমি চক্রবর্তী বলেন, বহিরাগত শক্তিকে ঢুকতে দেওয়া যাবে না। রামে রামে ভোট হবে না। গ্যাসের দাম বেড়েছে,পেট্রোলের দাম বেড়েছে। ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তা প্লেনের খরচায় চলে গিয়েছে। এদিনের সভা থেকে পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যরা দুই প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।

Post a Comment