ভাজপার প্রার্থী বদল এর দাবিতে এবার পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে
দি নিউজ লায়নঃ ফের ভাজপা প্রার্থী নিয়ে পোস্টার পড়লো। এবার পূর্ব বর্ধমানের খন্ডঘোষ এলাকায়। প্রার্থী বদল এর দাবিতে পথ অবরোধ হয়। কয়েকদিন আগেই খণ্ডঘোষ বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে বিজন মণ্ডলের নাম ঘোষনা হয়। তারপর থেকেই এলাকায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্য আসে। ভাজপার একাংশের স্কুল শিক্ষক বিজন মণ্ডলকে প্রার্থী হিসেবে না-পসন্দ। তাঁরা প্রার্থী বদলের দাবিতে সোচ্চার হয়। শনিবার সকাল থেকেই খণ্ডঘোষের বোঁয়াইচণ্ডী, বাদুলিয়া, শংকরপুর, সগড়াই, গোপীনাথপুর সহ বিভিন্ন জায়গায় প্রার্থী বদলের দাবিতে পোস্টার দেখা যায়।
পোস্টারে লেখা আছে বহিরাগত বিজেপি প্রার্থী বিজন মণ্ডলকে একটিও ভোট নয়। এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খণ্ডঘোষে। পাশাপাশি, এদিন বিকেলে পথ অবরোধ হল প্রার্থী বদলের দাবিতে। খণ্ডঘোষ বিধানসভায় ভূমিপুত্র প্রার্থী চাই এমনই দাবি করে পথ-অবরোধ করলেন ভাজপা কর্মী সমর্থকরা। খণ্ডঘোষ এর কাঁটাপুকুর এলাকায় বাঁকুড়া বর্ধমান রোডে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাদের দাবি, বহিরাগত বিজেপি প্রার্থী বিজন মণ্ডল কে মানা হবে না। অবিলম্বে প্রার্থীর নাম পরিবর্তন না করলে বিক্ষোভ কর্মসূচি চলতেই থাকবে। বিজেপির দাবি এই পোস্টার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাগানো হয়েছে বিজেপির বদনাম করার জন্য। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই এরকম কাজ তারা করছে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এই পোস্টার।

Post a Comment