তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা
দি নিউজ লায়নঃ তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুরে। প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতিদের এই তাণ্ডবের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। অল্পের জন্য প্রাণে বাঁচলেও ওই তৃণমূল কর্মীর বাঁ হাতে গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে। এই ঘটনায় কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যিনি আক্রান্ত হয়েছেন সেই তৃণমূল কর্মী সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আরিফ আলির ভাই নাসিব আলি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল কর্মীর নাম নাসীব আলি (৩২)। এদিন সকালে কয়েক জন দুষ্কৃতি ওই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মীর অভিযোগ, নির্বাচন আসতেই স্থানীয় কংগ্রেসের কিছু আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার ঘটনাটি ঘটিয়েছে। এলাকায় সন্ত্রাস এবং ভয়-ভীতির আবহাওয়া তৈরি করতেই এই ধরনের ঘটনা ঘটনো হয়েছে।
সুজাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূলের আরিফ আলি জানিয়েছেন, ভাইয়ের ওপর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হামলার ঘটনায় বিষয়ে পুলিশকে অভিযোগ দায়ের করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই ভাবেই দুষ্কৃতিরা এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। ভয় দেখিয়ে ওরা আমাদের দলে টানার চেষ্টা করছে। কিন্তু মুখ্যমন্ত্রী আদর্শেই আমরা তৃনমূল করি । সুজাপুর কেন্দ্র থেকে তৃণমূলকে বিপুল ভোটে জয় করাব এই লক্ষ্য নিয়েই এখন নির্বাচনী প্রচার শুরু হয়েছে। আর তাতেই মাথা খারাপ হয়ে গিয়েছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের। তারা এইভাবে গোলমাল পাকানোর চেষ্টা চালাচ্ছে।

Post a Comment