প্রচারে বেরিয়ে অসুস্থ সোহম চক্রবর্তী
দি নিউজ লায়নঃ প্রচারে বেরিয়ে অসুস্থ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী। তৃণমূল সূত্রে খবর, প্রার্থী ঘোষণার পর থেকেই চণ্ডীপুরে পড়ে থেকে প্রচার করছেন সোহম। প্রবল রোদ গরম উপেক্ষা করে ইতিমধ্যেই চণ্ডীতলা বিধানসভার অনেকটাই ঘুরে জনসংযোগ সেরে ফেলেছেন তিনি। আচমকাই শুক্রবার অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বর আসে তাঁর। ওইদিন রাতেই তিনি কলকাতা ফিরে আসেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তৃণমূল সূত্রে দাবি, কোনও কোনও মহল থেকে সোহমের সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হলেও চিকিৎসকরা তেমন কিছু জানাননি। মনে করা হচ্ছে অত্যধিক গরমে সাধারণ ফ্লু হয়ে থাকতে পারে তাঁর। তবে চিকিৎসকরাই এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারবেন।

Post a Comment