খেলা শেষ নয়, আসল খেলা শুরু হবে ভোট গণনার পর, শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ শনিবার শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো তার নির্বাচনী এলাকা গড়বেতা তিন নম্বর ব্লকের কিয়াবনী সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে গিয়ে নির্বাচনী প্রচার করেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং তাঁকে আশীর্বাদ করার আহ্বান জানান। গ্রামবাসীরা ফুল ছড়িয়ে শঙ্খ বাজিয়ে বাড়ির ছেলে হিসেবে তাকে বরণ করে নেন ।তিনি গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন। তিনি বলেন আমি আপনাদের বাড়ির ছেলে হিসাবে আগেও যেমন পাশে ছিলাম আগামী দিনেও আপনাদের পাশে থাকব। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। আমি তৃতীয়বার বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবো আপনাদের সহযোগিতায়।
শ্রীকান্ত মাহাতো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার খড়গপুর এর জনসভা থেকে বলেছেন যে খেলা শেষ। খেলা শেষ হবে না , সাতাশে শে মার্চ খেলা শুরু হবে। ভোট গণনার দিন থেকেই আসল খেলা শুরু হবে। তবে সেই খেলা হবে উন্নয়নের খেলা। মমতা বন্দ্যোপাধ্যায় দশবছর বাংলার উন্নয়নের কাজ করেছে। সেই উন্নয়ন এর ধারাকে অব্যাহত রাখতে আগামী দিনে রাজ্যজুড়ে উন্নয়নের খেলা চলবে। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে কটাক্ষ করেন। তিনি বলেন যারা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করছে, রেল কে বিক্রি করার চক্রান্ত করছে, কৃষক বিরোধী কৃষি বিল পাস করিয়েছে, পেট্রোলের মূল্যবৃদ্ধি হচ্ছে ।তারা বাংলায় এসে বড় বড় কথা বলছে। বাংলায় উন্নয়ন হয়নি বলে চিৎকার করছে।
বাংলাকে কেন্দ্র সরকারের বঞ্চনা করা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজে কোনো ত্রুটি রাখেনি। তাই তিনি মানুষের কাছে দিদি হিসেবে পরিচিত। দিদি বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছেন। তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়ন বিজেপি যেমন চোখে দেখতে পায়নি, তেমনি চোখে দেখতে পায়নি বাম কংগ্রেসের নেতারা। তাই তারা একযোগে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। এর যোগ্য জবাব দেবে বাংলার জনগণ। তিনি তাঁর ভাষণে বলেন যখন গোটা জঙ্গলমহল অশান্ত হয়ে উঠেছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছিলেন ।তখন নরেন্দ্র মোদী আসেনি ,দিলীপ ঘোষ ছুটে আসে নি।
আজকে তারা মানুষের কাছে ভোট চাইতে আসছে। জঙ্গলমহলের সর্বস্তরের মানুষের কাছে তিনি বিজেপিকে প্রত্যাখ্যান করার এবং খুনি সিপিএমকে শালবনী থেকে উৎখাত করার ডাক দেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা চেয়ে প্রচার করছেন। সেই সঙ্গে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরছেন গ্রামবাসীদের কাছে। হাতে সময় কম তাই খাওয়া-দাওয়া ভুলে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন শালবনি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এর প্রার্থী শ্রীকান্ত মাহাতো। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। বাংলার উন্নয়নের স্বার্থে জোড়া ফুলে ভোট দিযে মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার ক্ষমতায় নিয়ে আসার জন্য তিনি গ্রামবাসীদের কাছে আবেদন জানান।

Post a Comment