বাড়িতে ঢুকে নৃশংস ভাবে বৃদ্ধকে খুনের ঘটনায় গ্রেপ্তার ৩ - The News Lion

বাড়িতে ঢুকে নৃশংস ভাবে বৃদ্ধকে খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

 


দি নিউজ লায়নঃ       পূর্ব বর্ধমানের রায়নায় বাড়িতে ঢুকে নৃশংস ভাবে বৃদ্ধকে খুনের ঘটনায় এক বিজেপি নেতা ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশ ফোনের সূত্র সহ বিভিন্ন সূত্র ধরে খুনে জড়িতদের চিহ্নিত করে।  ধৃতরা হল জয়ন্ত সাঁতরা, সিরাজউদ্দিন মণ্ডল ওরফে টগর শেখ ও গৌতম মণ্ডল। জয়ন্ত সাঁতরার বাড়ি বর্ধমানের বেলকাশ এলাকায়। সিরাজউদ্দিন সরাইটিকর এবং গৌতম মন্ডলের বেচারহাট এলকার বাসিন্দা। ধৃত জয়ন্ত বর্ধমান উত্তর বিধানসভার  ২৭ নম্বর জেলা পরিষদের বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ। 


পুলিশের দাবি  রায়নার পোস্ট অফিস পাড়ার বাসিন্দা প্রৌঢ় জীবন কানাই সেনগুপ্তকে এই তিনজনই পরিকল্পনা করে নৃশংস ভাবে খুন করেছে। শুক্রবার বিকালে পুলিশ তাদের  গ্রেপ্তার করে। গত ৯ মার্চ সন্ধ্যায় রায়নার পোস্টঅফিস পাড়ার বাড়িতে নৃশংস ভাবে খুন হন বৃদ্ধ জীবন কানাই সেনগুপ্ত। খুনের ঘটনার পরেই জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের নির্দেশে এসডিপিও (বর্ধমান দক্ষিণ) আমিনুল ইসলাম খান  বিশেষ টিম গঠন করে তদন্তে নামেন। ঘটনার দশ দিনের মাথায় খুনের ঘটনায় জড়িতদের খোঁজ পায় পুলিশ। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে সিরাজউদ্দিনকে, বাকি দু’জনকে বর্ধমান থানা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেপ্তারের পর ধৃতরা জেরায় খুনের ঘটনা ঘটানোর কথা কবুল করেছে বলে পুলিশের দাবি। 


ধৃতদের মধ্যে গৌতম ও সিরাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় নানা অপরাধ মূলক কাজে জড়িত থাকার  অভিযোগ রয়েছে। ভোটের মুখে এই ঘটনায় বিজেপি নেতার নাম  জড়ানোয় ব্যাপক চাঞ্চল্য চড়িয়ে পড়েছে  জেলার রাজনৈতিক মহলে। জয়ন্ত সাঁতরাকে গ্রেপ্তারের প্রসঙ্গে জেলা বিজেপি যুব নেতা শ্যামল রায় অবশ্য সাংবাদিকদের বলেন, ভোটের মুখে সুযোগ বুঝে  মিথ্যা মামলায় আমাদের নেতাকে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন পুলিশ পুলিশের কাজ করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.