নতুন ভোটারদের ভোটমুখী সচেতনতা প্রচারের কলেজ ও স্কুলে বিশেষ ভ্যারচুয়াল ক্লাসের ভাবনা জেলা প্রশাসনের
দি নিউজ লায়নঃ ডিজিটাল দুনিয়ায় মশগুল জেনারেশন নেক্সটের মধ্যে ভোটমুখী সচেতনতা বৃদ্ধিতে ভ্যারচুয়াল ক্লাসরুমে এবার দখল নিতে চলেছে জেলা নির্বাচনী আধিকারিকরা। প্রতিটি সরকারি বেসরকারি কলেজের পাশাপাশি নতুন ভোটারদের ভোট প্রক্রিয়ায় অংশগ্রহনের গুরুত্ব বোঝাতে স্কুল গুলিতে বিশেষ ভার্চুয়াল ক্লাসের ভাবনা দার্জিলিং জেলা প্রশাসনের। সেক্ষেত্রে সিস্টেমেটিক ভোটার এডুকেশন এন্ড ইলেকটোরাল পার্টিসেপিশন প্রোগ্রামের আওতায় সমস্ত কলেজের অধ্যক্ষ ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ভোটদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামিলের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ ভার্চুয়াল ক্লাসের সংযোজনের বিষয়ে আলোচনা চলছে। যদিও ইতিমধ্যেই দার্জিলিং জেলায় শুরু হয়েছে মক পোলিং।
এক্ষেত্রে শিলিগুড়ি মহকুমা পরিষদ, চার নম্বর বোরোর মার্গারেট স্কুল সহ মোট চারটি অস্থায়ী ক্যাম্প করে মক পোলিং করা হচ্ছে বলে জানান শিলিগুড়ি মহকুমার নির্বাচনী আধিকারিক প্রিয়দর্শিনী এস। নয়া ভোটার অর্থাৎ তরুণ প্রজন্মকে নজরে রেখেই এই মকপোলিং স্টেশন গুলিতে ইভিএম ও ভিভি প্যাট নিয়ে বসে রয়েছেন জেলা প্রশাসনের নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীরা। সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হলেও বর্তমানে ডিজিটাল প্রযুক্তিতে অগ্রনী তরুণ প্রজন্মকে ভোটমুখী করতে বিকল্প পরিকল্পনা কষছে দার্জিলিং জেলা প্রশাসন। জেলায় নতুন ভোটার অর্থাৎ ১৮-১৯বছর বয়সী ভোটারের সংখ্যা ২৬,৪৩৫। জেলার পাঁচ বিধানসভা কেন্দ্রের মধ্যে সমতলের শিলিগুড়ি মহকুমায় রয়েছে ৩৩১২,মাটিগাড়া-নকশালবাড়িতে তরুণ ভোটারের সংখ্যা ৭২৬৯, ফাঁসীদেওয়া কেন্দ্রে তরুণ প্রজন্মের ভোট রয়েছে ৬৪০৬। সব নির্বাচনের সময়তেই রাজনৈতিক দলগুলির মূল টার্গেট গিয়ে পড়ে উঠতি বয়সী এই নতুন ভোটারদের ওপর।
সেক্ষেত্রে কোনো রাজনৈতিক নেতাবেশী মহল্লার দাদাদের খপ্পরে পড়ে ভোট প্রক্রিয়ায় অনৈতিক কোনো কাজ বা ভুল যাতে নবীনেরা না করে সে বিষয়েও কলেজ স্কুলের ছাত্রছাত্রীদের ভ্যারচুয়াল ক্লাসের মাধ্যমে সচেতন করা হবে বলে জানান শিলিগুড়ি মহকুমা নির্বাচনী আধিকারিক প্রিয়দর্শিনী এস। তিনি বলেন কলেজগুলিতে বিশেষ ভ্যারচুয়াল ক্লাসের ভাবনা রয়েছে। কলেজগুলিতে নির্দিষ্ট সময়ে তাদের ভ্যারচুয়াল ক্লাস চলছে তারমাঝেই কিছুটা সময় নিয়ে জেলা প্রশাসনের নির্বাচনী আধিকারিকরা গিয়ে সরাসরি পড়ুয়াদেরকে ভোট প্রক্রিয়া অংশ নেওয়া বিষয়ে সচেতন করবেন অথবা ভ্যারচুয়াল ক্লাসের মাঝে ভিডিও বার্তার মাধ্যমে সচেতন করার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এখনও পুরো বিষয়টি পরিকল্পনা স্তরে রয়েছে।
দার্জিলিং তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে জানা গিয়েছে স্থানীয় কেবল চ্যানেলে ফোনিংয়ের মাধ্যমে অথবা সরাসরি প্রশ্নউত্তরের মধ্য দিয়ে জেলা প্রশাসনের উচ্চ পদস্ত আধিকারীকরা নতুন ভোটারদের স্বচ্ছতার সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহনের বিষয়ে সচেতন করতে পারেন।

Post a Comment