পশ্চিমবঙ্গের গুরুতর অপরাধের অভিযুক্ত বিধায়কের সংখ্যা কত?
দি নিউজ লায়নঃ বুধবার নাগরিক নজরদার সংগঠন ‘ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ’ এবং ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ প্রকাশিত রিপোর্টের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে ২৮২ জন বিধায়কের মধ্যে ৯০ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ২০১৬ সালের ভোটে বা তার পরের উপনির্বাচনে ওই ২৮২ জন বিধায়কের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে: বিজেপির ৫০ শতাংশ বিধায়ক গুরুতর অভিযোগে বিদ্ধ।
বর্তমানে রাজ্যে বিজেপি বিধায়ক আছেন ছ’জন। তাঁদের মধ্যে তিন জন গুরুতর মামলায় অভিযুক্ত। কংগ্রেসের ৩৯ শতাংশ এবং সিপিএমের ৪২ শতাংশ বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। সার্বিক ভাবে ফৌজদারি অভিযোগ রয়েছে কংগ্রেসের ৫১ শতাংশ বিধায়কের বিরুদ্ধে। তৃণমূলের ৩০ শতাংশ বিধায়কের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সব মিলিয়ে ১০৪ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে।
তাঁদের মধ্যে ৯০ জন খুন, ধর্ষণ, অপহরণের মতো জামিন-অযোগ্য এবং গুরুতর অপরাধে অভিযুক্ত। ওঁদের মধ্যে ১০ জন বিধায়কের নামে মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং সাত জনের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। তবে রাজনৈতিক দলগুলির সঙ্গে যুক্ত অনেকের দাবি, শাসক দল প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসায়। তাই শুধু অপরাধের অভিযোগ সংক্রান্ত খতিয়ান দেখলে বাস্তব ছবি না-ও বোঝা যেতে পারে।

Post a Comment