শাসক ও বিরোধী শিবির মিলিয়ে পশ্চিমবঙ্গের বিধায়কদের ৩৪ শতাংশ কোটিপতি!
দি নিউজ লায়নঃ বুধবার নাগরিক নজরদার সংগঠন ‘ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ’ এবং ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ প্রকাশিত রিপোর্টের তথ্য অনুযায়ী। শাসক ও বিরোধী শিবির মিলিয়ে পশ্চিমবঙ্গের বিধায়কদের ৩৪ শতাংশ কোটিপতি! যাদের মধ্যে প্রথম তিনটি স্থানেই রয়েছেন তৃণমূল প্রতিনিধিরা।
বাঁকুড়ার তালড্যাংরার বিধায়ক সমীর চক্রবর্তী, মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবং কলকাতার কসবার বিধায়ক জাভেদ খান। রাজনৈতিক সূত্রের খবর, ওই তিন জনই পেশাগত ভাবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সব থেকে কম সম্পত্তি রয়েছে, এমন তিন বিধায়কের তালিকায় একমাত্র তৃণমূল প্রতিনিধি নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। বাকি দু’জন সিপিএমের, পাঁশকুড়ার বিধায়ক শেখ ইব্রাহিম আলি এবং সোনামুখীর বিধায়ক অজিত রায়।
শতাংশের নিরিখে ধনীর তালিকায় যুগ্ম ভাবে দ্বিতীয় বিজেপি এবং কংগ্রেস। হলফনামা বিশ্লেষণ করে জানানো হয়েছে, তৃণমূল বিধায়কদের মাথাপিছু গড় সম্পত্তির পরিমাণ এক কোটি ৭৯ লক্ষ টাকা। বিজেপি বিধায়কদের মাথাপিছু গড় সম্পত্তির পরিমাণ এক কোটি ৩২ লক্ষ টাকা। ধনসম্পত্তির পরিমাণে সব থেকে নীচে রয়েছেন পাঁশকুড়ার সিপিএম বিধায়ক শেখ ইব্রাহিম আলি।

Post a Comment