পুরোনো জমি বিবাদকে কেন্দ্র করে ছড়রা গুলি ছোঁড়ার অভিযোগ, ঘটনায় নিহত এক, জখম দুই নাবালক ও নাবালিকা
দি নিউজ লায়নঃ পুরোনো জমি বিবাদকে কেন্দ্র করে ছড়রা গুলি ছোঁড়ার অভিযোগ। ঘটনায় নিহত এক, জখম দুই নাবালক ও নাবালিকা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েতের বন্দিরামগছ গ্রামের ঘটনা। ঘটনায় মহ ফাইয়াল(২৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ঘটনায় গুরুতর যখম ১১ বছরের রশ্মি ও একই বয়সী খায়াল নামে দুই নাবালিকা ছড়রা গুলিতে গুরুতর যখম হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ফাইয়াল ও তার পরিবারের সঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য এক্রামুল ও এক্রামুলের সঙ্গী তায়েমুলের জমি নিয়ে বিবাদ চলছিল বলে স্থানীয়দের দাবী। গ্রামের বিচার সভায় নিহতের পরিবারকে প্রায় লক্ষাধিক টাকা দিতে হয় বলে অভিযোগ। পরিযায়ী শ্রমিক ফাইয়াল দুদিন আগেই ইসলামপুরে তাদের বাড়িতে এলে ফের তার উপর টাকার জন্য নানাভাবে ওই পঞ্চায়েত সদস্য ও তার সাকরেদরা চড়াও হতে থাকে বলে অভিযোগ।
বুধবার দুপুরে সেই পুরনো বিবাদ নিয়েই ফের উভয় পক্ষের মধ্যে ফের বাদানুবাদ শুরু হলে ফাইয়ালের বাড়ির সামনেই তার উপর দুষ্কৃতিরা ছড়রা গুলি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় ফাইয়াল সহ তার পরিবারের দুই নাবালক সদস্যও গুলিবিদ্ধ হয়। গুরুতর জখম অবস্থায় আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ফাইয়ালকে মৃত বলে জানান চিকিৎসকেরা। গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুরের পুলিশ সুপার শচীন মক্কার।

Post a Comment