মালদায় বাম এবং কংগ্রেসের আসন বণ্টন নিয়ে জট কাটল না - The News Lion

মালদায় বাম এবং কংগ্রেসের আসন বণ্টন নিয়ে জট কাটল না

 


দি নিউজ লায়ন;    মালদায় বাম এবং কংগ্রেসের আসন বণ্টন নিয়ে সোমবারেও জট কাটল না। জেলার ১২ টি আসনের মধ্যে মাত্র দুটি আসন হবিবপুর এবং ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র বামেদের ছাড়তে রাজি কংগ্রেস। বাকি ১০টি কেন্দ্র নিজেদের দখলে রাখতে চায় কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ আবু হাসেম খান চৌধুরী এমনই ইঙ্গিত দিয়েছেন। এমনকি প্রদেশ নেতৃত্বকেও জেলা কংগ্রেসের এই সিদ্ধান্তের কথা একই সাথে জানিয়ে দেওয়া হয়েছে। আইএসএফকেও (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) মালদায় কোন আসন ছাড়তে রাজি নয় কংগ্রেস। 


কংগ্রেসের এই অনড় মনোভাবের জন্য ক্ষুব্ধ জেলা বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বের একাংশ। দলের বেশির ভাগ নেতাই চাইছেন অনেক হয়েছে, আর দর কষাকষি নয় । মালদা জেলায় সব আসনে প্রার্থী দেওয়া হোক। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদায় কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে সাহায্য করেছিল বামেরা । সেই কারণে দক্ষিণ মালদা কেন্দ্রে প্রার্থী দেয় নি। অথচ গত লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী প্রকাশ্যেই বলেছিলেন, সিপিএমের ভোট তিনি পান নি। আবু হাসেম খান চৌধুরীর এমন মন্তব্যে বাম কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই বিষয়টিও নেতাদের সামনে তুলে ধরেছেন অনেকেই।


এদিকে রাজ্য বাম নেতৃত্বকে জেলা নেতৃত্ব তাদের মনোভাব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়ে বলেছে, মালদায় সব আসনে প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনী লড়াই হোক। সিপিএমের জেলার এক নেতা জানিয়েছেন , ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে গাজোল, হবিবপুর, ইংরেজবাজার এই তিনটি কেন্দ্রে সিপিএম প্রার্থীর দেওয়া হয়। মালতিপুর আরএসপি এবং হরিশ্চন্দ্রপুরে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দেওয়া হয়েছিল। এবার তিনটি আসন যথাক্রমে বৈষ্ণবনগর, চাচোল এবং মানিকচক বিধানসভা কেন্দ্রের দাবি করা হয়েছে। কিন্তু কংগ্রেস নেতৃত্ব ওই আসনগুলো ছাড়তে রাজি নয়। 


এমনকি গাজোল বিধানসভা কেন্দ্রটিও দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব । জোটের প্রার্থী নিয়ে বারবার আলোচনায় বসার কথা বলা হলেও আগ্রহ দেখাচ্ছে না কংগ্রেস নেতৃত্ব । আলোচনায় বসা নিয়ে কেন অনীহা তৈরি হচ্ছে কংগ্রেসের তা ভেবে উঠতে পারছেন না সিপিএমের জেলার নেতারা । তবে তারা বসে নেই সব প্রস্তুতি তৈরি রাখছেন। সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, সংযুক্ত অর্থাৎ বাম , কংগ্রেসের জোট প্রার্থী দেওয়া হবে। রাজ্য নেতৃত্ব বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.