টাওয়ার বসানোর নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১ - The News Lion

টাওয়ার বসানোর নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

 


দি নিউজ লায়ন;    টাওয়ার বসানোর নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, ১৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ। ধৃতের নাম অরিন্দম রায়চৌধুরি। উত্তর ২৪ পরগণার বারাসত থানার দক্ষিণ যশোর রোডের নবতীের্থ তার বাড়ি। শনিবার ভোরে স্থানীয় থানার সাহায্য নিয়ে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। অর্থ আত্মসাতের কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। সাইবার থানা সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের ৪ নম্বর ইছলাবাদ ঘোষপাড়ার বাসিন্দা অভিজিৎ চৌধুরিকে কয়েকমাস আগে তাঁর জমিতে টাওয়ার বসানোর প্রস্তাব দেওয়া হয়। টাওয়ার বসালে ৩০ লক্ষ টাকা এককালীন দেওয়া হবে বলে জানানো হয়।


 এছাড়াও প্রতি মাসে তাঁকে ৩০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এরপর তাঁকে জমির কাগজপত্র পাঠাতে বলা হয়। জমি পছন্দ হয়েছে বলে জানানো হয় তাঁকে। এরপর তাঁর কাছ থেকে অন্যান্য নথিপত্র নেওয়া হয়। টাওয়ার বসানোর প্রসেসিং ও অন্যান্য ফি বাবদ কয়েক দফায় তাঁর কাছ থেকে প্রতারকরা ১৩ লক্ষ টাকা নেয়। তাঁর জমিতে টাওয়ার বসানো হয়নি। তিনি টাকাও ফেরত পাননি। কয়েকবার তিনি ফোনে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রতারকরা ফোন বন্ধ করে দেয়। বাধ্য হয়ে সাইবার থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত। অভিযোগ পেয়ে ব্যাংকের নথি ঘেঁটে প্রতারণায় অরিন্দমের যুক্ত থাকার কথা জানতে পারে পুলিস। তাকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হয়। কিন্তু, নোটিশ পেয়েও সে থানায় হাজির হয়নি।


জানা যায়, রীতিমতো অফিস খুলে অভিযুক্ত ও তার সঙ্গীরা এ ধরণের প্রতারণা চালাচ্ছিল বলে জেনেছে পুলিস। সংস্থায় ৩০-৪০ জন কর্মী রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে টাওয়ার বসানোর নাম করে চক্রটি টাকা হাতিয়েছে বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। চক্রের অপর এক পাণ্ডা গা ঢাকা দিয়েছে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৪ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে ২ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.