শিলিগুড়ির বেসরকারি হাসপাতালের ওটি টেবিল থেকে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক - The News Lion

শিলিগুড়ির বেসরকারি হাসপাতালের ওটি টেবিল থেকে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক

 


দি নিউজ লায়নঃ      শিলিগুড়ি শহরের বেসরকারি হাসপাতালের ওটি টেবিল থেকে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক। বিহারের জাল নথি দেখিয়ে শহরের বেসরকারি হাসপাতালে দীর্ঘ সময় ধরে দিব্যি চালিয়ে যাচ্ছিলেন কারবার। ভিন রাজ্যের জাল শংসাপত্র দেখিয়ে নিজেকে চিকিৎসকের পরিচয় দিয়ে শহরে চেম্বার ও বেসরকারি নার্সিংহোমে রুগী দেখার কাজ চালিয়েছে যাচ্ছিলেন এই ভুয়ো চিকিৎসক। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট ধারী ভুয়ো চিকিৎসককে শিলিগুড়ি বেসরকারি হাসপাতাল থেকে রবিবার গ্রেপ্তার করে পুলিশ। 


ধৃত ভুয়ো চিকিৎসকের নাম মহম্মদ শেখ গোসুল আলী। তিনি কলকাতার বাসিন্দা। এদিন দুপুর নাগাদ শিলিগুড়ি হিলকার্ট রোডের একটি বেসরকারি হাসপাতালে হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এসিপি ইস্ট চিন্ময় মিত্তলের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে বেসরকারি হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ওই ভুয়ো চিকিৎসককে।


 পরে ধৃতকে শিলিগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে আদালত ভুয়ো চিকিৎসকের পরিচয় দিয়ে রুগী চিকিৎসার মতো ভয়ঙ্কর বেআইনি কাজের বিরুদ্ধে ৪১৯ ও ৪২০ ধারায় মামলা দায়ের করে। ধৃতকে ৮দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। শিলিগুড়ি  আদালতের সরকারী আইনজীবী সুদীপ রায় বাসুনিয়া জানান দীর্ঘদিন ধরে ভুয়ো চিকিৎসকের পরিচয় দিয়ে ডাক্তার সেজে শহরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাজনিত কাজ চালিয়ে যাচ্ছিল সে। তার যাবতীয় ডিগ্রী ও শংসাপত্র জাল।


 বিহারের জাল শংসাপত্র মিলেছে তার কাছ থেকে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে সমস্ত জাল শংসাপত্র তার কাছে রয়েছে সেগুলি বিহার থেকে সংগ্রহ করেছে সে। এই জাল ডাক্তারির শংসাপত্র তৈরির চক্র কিভাবে চলছে কে বা কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্তে কলকাতা ও সেখান থেকে বিহার পাড়ি দেবে  পুলিশ। অন্যদিকে বিহারে এই জাল শংসাপত্রের চক্র এ রাজ্যে কিভাবে বিস্তার করছে তা জানতে তদন্ত নেমেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.