আফগানিস্তানে জাতিসংঘের গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৫
দি নিউজ লায়নঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে সশস্ত্র হামলার শিকার হয়েছে জাতিসংঘের একটি গাড়ি বহর। এতে ওই বহরের নিরাপত্তায় থাকা ৫ আফগান নিরাপত্তা কর্মীর নিহত হয়েছে। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের জাতিসংঘ পরিবার আজকের ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
বৃহস্পতিবার কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এক গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরও চার আরোহী। হামলায় জাতিসংঘের কোনও কর্মকর্তা হতাহত হননি বলেও নিশ্চিত করেছে ইউএনএএমএ।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দাবি করেছেন, এ হামলায় তালেবান জড়িত। তবে তার অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র সংগঠনটি।

Post a Comment