রাজ্যের মধ্যে প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় অভিনব রঙিন পারমিট ই-রিক্সা চালকদের হাতে তুলে দেওয়া হল
দি নিউজ লায়নঃ রাজ্যের মধ্যে প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় অভিনব রঙিন পারমিট ই-রিক্সা চালকদের হাতে তুলে দিল আধিকারিকরা৷ বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটে জেলাশাসকের মিনি কনফারেন্স রুমে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ১১ জন ই-রিক্সা চালকের হাতে রুট পারমিট তুলে দেওয়া হয়। জেলার আটটি ব্লকের জন্য একএকটি করে রঙের পারমিট দেওয়া হয়েছে। জেলায় মোট ২ হাজার ৪২৪ জনের হাতে এই পারমিট তুলে দেওয়া হবে। রাজ্যের অন্যান্য জেলায় এমন উদ্যোগ আগে কখন নেওয়া হয়নি বলেই জানিয়েছেন জেলা শাসক নিখিল নির্মল।
নির্দিষ্ট ব্লকের জন্য নির্দিষ্ট রঙের রুট পারমিট দেওয়া হয়েছে৷ এমন রুট পারমিটের ফলে পুলিশ ও প্রশাসন খুব সহজেই ই-রিক্সা চালকদের পরিচয় জানতে পারবে। এবং পথ দুর্ঘটনার পরিসংখ্যান কমবে এবং কোন রকম দুর্ঘটনা হলে ই-রিক্সা চালকরা তার সরকারি বিভিন্ন সুবিধা পাবেন। আজ আনুষ্ঠানিক ভাবে ১১ জনের হাতে এই অভিনব রুট পারমিট তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে বাকিদের দেওয়া হবে এবং যাদের রুট পারমিট থাকবে না এবং বৈধ কাজ থাকবে না সেইসব ই-রিক্সা চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে সব জানানো হয়েছে। এবিষয়ে জেলাশাসক নিখিল নির্মল বলেন, ই- রিক্সাগুলির জন্য একটি করে অপেরেশনাল এরিয়া পারমিট দিচ্ছি।
যা বিভিন্ন ব্লকের জন্য আলাদা আলাদা রঙের নির্দিষ্ট করা হয়েছে। ওই পারমিটের মধ্যে ই রিক্সা চালকের যাবতীয় তথ্য থাকবে। আজকে আনুষ্ঠানিকভাবে ১১ জনকে সেই পারমিট দেওয়া হল। এছাড়াও যারা আবেদন করেছে এমন প্রায় ২৪০০ চালককে সেই পারমিট দেওয়া হবে। সম্ভবত আমাদের জেলা রাজ্যের মধ্যে এই প্রথম এই ধরনের পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের জন্য যারা এই দায়িত্বে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই।
এবিষয়ে জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তরের আধিকারিক সন্দিপ সাহা বলেন, জেলায় যথেষ্ট পরিমাণে ই-রিক্সা বেড়ে গিয়েছে। তাই জেলায় যানযট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের জেলায় প্রথম এই উদ্যোগ নিয়েছে। এই নতুন পারমিটের মাধ্যমে এক ব্লকের ই-রিক্সা অন্য ব্লকে যেতে পারবে না। এছাড়াও কোন দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণবাবদ আর্থিক সাহায্য মিলবে।

Post a Comment