চাষের জমির দখল নিয়ে ভাইকে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ চাষের জমির দখল নিয়ে ভাইকে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো দাদার বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভুতনি থানার উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের আলাদিয়া এলাকায় । দুই ভাইয়ের দলবদলের সংঘর্ষে গুরুতর জখম হয়েছে পাঁচ জন । আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় উভয় পক্ষের তরফ থেকেই ভুতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই খুনের ঘটনায় পুলিশ আপাতত তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃতের নাম মন্টু মণ্ডল (৫৫)। পেশায় কৃষক মন্টু মণ্ডলকে খুন করার অভিযোগ উঠেছে তার খুড়তুতো দাদা ঘনশ্যাম মণ্ডল ও তার দলের বিরুদ্ধে । হাঁসুয়া দিয়ে জমির মধ্যেই কুপিয়ে খুন করা হয় মন্টু মন্ডলকে বলে অভিযোগ । এই খুনের ঘটনায় দশ জনের বিরুদ্ধে ভুতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার । পাল্টা ঘনশ্যাম মন্ডলের পরিবার হামলায় আহত হওয়ার অভিযোগ দায়ের করেছে ভুতনি থানাতে । পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মন্টু মণ্ডলের পরিবারের সঙ্গে তার খুড়তুতো দাদা ঘনশ্যাম মণ্ডলের একটি পৈত্রিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে বেশ কয়েকবার গ্রামে সালিশ সভাও হয়। কিন্তু তারপরেও জমি বিবাদের সমস্যা মিটেনি। শনিবার সন্ধ্যায় জমিতে আল দেওয়ার কাজ শেষ করে মন্টু মন্ডল যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় ঘনশ্যম মণ্ডল ও তার লোকজন তাকে ঘিরে ধরে। এবং প্রকাশ্য রাস্তায় তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় । মন্টুর ওপর হামলার ঘটনার খবর পেয়ে তার পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছায় । এরপর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যায়। সেখানেই ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মন্টু।

Post a Comment