বাম আমল থেকে শিলিগুড়িতে শিক্ষা ভবনের দাবি বাস্তবায়ন করছে রাজ্যের সরকার
দি নিউজ লায়নঃ বাম আমল থেকে শিলিগুড়িতে শিক্ষাভবনের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করছে রাজ্যের সরকার। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে ডঃ সুপ্রকাশ রায় দায়িত্ব নিয়ে মাত্র একবছরের মধ্যেই দীর্ঘ সময় ধরে মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে তা বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন। মঙ্গলবার শিলিগুড়ি খেলাঘর মোড়ের শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরে সাংবাদিক বৈঠক করে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ড.সুপ্রকাশ রায় জানান শিলিগুড়ির শিক্ষার সঙ্গে জড়িত মানুষদের বহু দিনের দাবি ছিল শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত বিভাগীয় প্রশাসনিক দপ্তর গুলিকে এক ছাদের তলায় এনে শিক্ষা ভবন স্থাপনের।
একবছর আগে দায়িত্ব নিয়ে মানুষের এই হয়রানীর বিষয়টিতে গুরুত্ব দেন তিনি। তিনি বলেন শিক্ষাভবনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল রাজ্য শিক্ষা দপ্তরে। তার অনুমোদন মিলেছে।শিলিগুড়ির কেন্দ্রে বাবুপাড়ায় একটি পড়ুয়াহীন পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের পড়ে থাকা আট কাঠা জমিতে শিক্ষাভবন তৈরি করা হবে। যার জন্য রাজ্যের তরফে ২কোটি ৭৭লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেখানে চারতলা ভবন নির্মাণ করে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরীয় সমস্ত সর্বোচ্চ বিভাগীয় দপ্তরকে এক ছাদের তলায় একটি প্রশাসনিক ব্লগের পরিকাঠামোর আওতায় আনা হবে। সেখানে শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল,ডিআই প্রাইমারির দপ্তর,উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক স্কুল সংসদের দপ্তর,ডিডি একাউন্টস, জেলা স্কুল ক্রীড়া আধিকারিকের দপ্তর সহ সমস্ত দপ্তর থাকবে।
কাজটি করবে পূর্ত দপ্তর। ওই পড়ুয়াহীন বিদ্যালয়ের একজন শিক্ষিকা নিযুক্ত রয়েছেন তাকে পার্শ্ববর্তী বিদ্যালয়ে স্থানান্তর করা হচ্ছে বলে জানান সুপ্রকাশ বাবু। তিনি আরও বলেন শিক্ষা ভবনটি তৈরি হলে মানুষের হয়রানির অবসান হবে। বাম আমলের টাকা এসে ফিরে গিয়েছিল পরিকল্পনার অভাবে। ২০০৬ সালে শিল্যান্যাসও করা হয় তবে তা আর রূপায়ন হয়নি। তিনি জানান একটি নির্দিষ্ট জায়গায় সমস্ত স্তরের বিভাগীয় কাজগুলি সম্পন্ন হলে শিক্ষা ব্যবস্থার যেকোনো কাজের ক্ষেত্রে গতি পাবে, নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রেও সুবিধে হবে। সম্পূর্ণ শিক্ষাব্যবস্থা একটি পরিকাঠামোর মধ্যে এলে শিক্ষা ব্যবস্থা অনেক বেশি নিয়মানুবর্তিত হবে।

Post a Comment