হিরুডি গ্রামে হাতির হামলায় মৃত এক
দি নিউজ লায়নঃ হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। শনিবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বৈতা,হিরুডি সহ বেশ কয়েকটি গ্রামে দলছুট কয়েকটি দাঁতাল হাতি ঢুকে তাণ্ডব শুরু করে। হাতির হামলায় ওই এলাকায় ঘর বাড়ির পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যার ফলে বনদপ্তর এর উপর ক্ষোভ প্রকাশ করে রবিবার সকাল থেকেই পথ অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়।
ঠিক সেই সময়ে রবিবার বিকেল নাগাদ একটি পূর্ণবয়স্ক হাতি হিরুডি এলাকায় ঢুকে পড়ে ।সেই সময় গ্রামবাসীরা ছুটে পালাতে পারলেও হাতির সামনে পড়ে যায় নন্দ চালক নামে এক ব্যক্তি।তাকে পা দিয়ে পিষে দেয় হাতি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যার ফলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। সেইসঙ্গে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা ।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে লালগড় থানার পুলিশ প্রায় পঞ্চাশ বছর বয়সী নন্দ চালকের মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেসালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে বনদপ্তর এর নিয়ম অনুযায়ী সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে যেভাবে দাঁতাল হাতি ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার গ্রামবাসীরা। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে । সেই সঙ্গে হাতি কে উত্তপ্ত করতে নিষেধ করা হয়েছে।

Post a Comment