মাওবাদী কায়দায় 'তৃণমূল নেতার মাথা চাই’ পোস্টার
দি নিউজ লায়নঃ পূর্ব মেদিনীপুর জেলার এগরায় পাঁচরোল এলাকায় মাওবাদীদের কায়দায় তৃণমূল নেতার নামে ‘মাথা চাই’ পোস্টার পড়লো। নজরে আসতেই রীতিমতো গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এগরায় পাঁচরোল অঞ্চল তৃণমূলের সভাপতি অশোক দাসের ‘মাথা চাই’ নামে পোস্টার স্থানীয় কয়েকটি গ্রামের বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধেই এই পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়, মাথা চাই লেখার নিচে ‘বি, মাও’ বলেও লেখা রয়েছে। এদিন সকালে এলাকার কসবাগোলা, রায়দা, বাগমারি প্রভৃতি গ্রামে বিদ্যুতের খুঁটিগুলিতে এই পোস্টারগুলি দেখতে পান এলাকায় স্থানীয় বাসিন্দারা। সামগ্রিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিনই অশোকবাবু এই মর্মে এগরায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অশোকবাবুর বাড়ি এগরায় পাঁচরোল তেঁতুলমুড়ি গ্রামে।
এই বিষয়ে তৃণমূল নেতা অশোক দাস বলেন " আমি এই ঘটনার পর থেকে খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। আসলে আমি এলাকায় তৃণমূলের সংগঠন বাড়ানোর পাশাপাশি মিটিং-মিছিলে অংশ নিচ্ছি বলেই বিজেপির লোকজন রাজনৈতিক চক্রান্ত করে এসব করেছে। থানায় অভিযোগ জানানো পাশাপাশি, পুলিশকে গোটা ঘটনার তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি"।

Post a Comment