হাওড়ায় বামেদের হরতালে প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার বাম ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। মিছিল আটকাতে কলকাতায় লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস চালায় পুলিশ। বামেদের দাবি, এই ঘটনায় তাঁদের শতাধিক ছাত্র ও যুব কর্মী সমর্থক আহত হন। ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার ভোর ৬টা থেকে রাজ্যে ১২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বামেরা।
এই হরতালকে সমর্থন জানায় কংগ্রেস। হাওড়াতেও আজ সকাল থেকে বামেদের হরতাল চলছে। তবে এখনও পর্যন্ত শহরের জনজীবন প্রায় স্বাভাবিক। হরতালের কোনও প্রভাব পড়েনি। খোলা রয়েছে বাজার, দোকানপাট। রাস্তায় সরকারি ও বেসরকারি বাস, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি চলছে। ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনের ট্রেন পরিষেবা সকালের দিকে স্বাভাবিক ছিল। পরে হাওড়া বর্ধমান মেন লাইন সেকশনে হরতালের সামান্য প্রভাব পড়ে। পান্ডুয়াতে অবরোধ হয়। এদিন সকালে হাওড়ার শানপুর মোড়, পাওয়ার হাউস মোড়ে হরতাল সমর্থকেরা রাস্তায় পাওয়ার বল নিয়ে প্রতীকী ফুটবল খেলেন। হরতালের সমর্থনে মিছিল হয়।

Post a Comment