চীনে বিবিসির টেলিভিশন ও রেডিও সম্প্রচার নিষিদ্ধ করল
দি নিউজ লায়নঃ চীনে বিবিসির টেলিভিশন ও রেডিও সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির চলচ্চিত্র, টিভি ও রেডিও প্রশাসন এ নির্দেশনা জারি করেছে। পাল্টা পদক্ষেপ নিতে এক সপ্তাহের বেশি দেরি করল না চীন। গত সপ্তাহে চীনের সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) লাইসেন্স বাতিল করেছিল যুক্তরাজ্য। এর এক সপ্তাহের মধ্যে চীন তাদের দেশে নিষিদ্ধ করে দিল বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার।
দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অফকমের দাবি, গত বছর ব্রিটিশ নাগরিক পিটার হামফ্রের কথিত ‘জোরপূর্ব স্বীকারোক্তি’ প্রচার করে যুক্তরাজ্যের সম্প্রচারনীতি ভঙ্গ করেছে সিজিটিএন। এ ঘটনার সপ্তাহখানেক পরেই অন্তত এক বছরের জন্য বিবিসির সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধের ঘোষণা করল চীন।
বিবিসি চীন সরকারের করোন ভাইরাস সংক্রমণ এবং উইঘুর সম্প্রদায়ের নির্যাতনের জন্য সমালোচনা করত। অবশ্য দেশটিতে আগে থেকেই ব্রিটিশ সংবাদমাধ্যমটির সম্প্রচার অত্যন্ত সীমাবদ্ধ ছিল। আন্তর্জাতিক হোটেল এবং কিছু কূটনৈতিক ক্ষেত্রে কেবল বিবিসি সম্প্রচার ছিল। অন্য কথায়, চীনের সাধারণ মানুষ তাদের প্রোগ্রামগুলি দেখতে পেত না।
চীনা কর্তৃপক্ষ বলেছে, চীনের বিষয়ে বিবিসি ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদনগুলো সম্প্রচার নীতিমালার ‘গুরুতর লঙ্ঘন’। তাদের কথায়, ‘সংবাদ সত্য ও নিরপেক্ষ হওয়া উচিত এবং তা যেন চীনের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর না হয়।’ বিবিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চীনের এই সিদ্ধান্তে ‘হতাশ’। বিবিসি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সারা বিশ্ব থেকে ন্যায্য ও নিরপেক্ষভাবে কোনো ভয় বা পক্ষপাতিত্ব না করে খবর সংগ্রহ করে।’

Post a Comment