মোদি অমিত শাহ এর ছবি দিয়ে 'জবাব চাই' পোস্টার কোচবিহারে
দি নিউজ লায়নঃ অমিত শাহের কোচবিহারের সভামঞ্চের চারদিকে পড়ল প্রতিবাদী ব্যানার ফ্লেক্স। মোদি সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ভঙ্গের জবাবদিহি চেয়ে দেওয়া হয় ফ্লেক্স গুলি। নারায়ণী সেনা থেকে কোচবিহার বিমানবন্দর চালু করা একাধিক বিষয়ে 2019 এর লোকসভা ভোটে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হলো কেন তার জবাব দিহি চাওয়া হয়েছে পোস্টার ফ্লেক্স গুলিতে। তবে পোস্টার কে বা কারা লাগিয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পোস্টারে কোথাও কারো নাম বা কোন রাজনৈতিক দলের চিহ্ন নেই।
জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ বলেন, এই পোস্টটার কে বা কারা লাগিয়েছে আমরা বলতে পারব না। তবে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতি। সাধারণ মানুষ এই ধরনের পোস্টার লাগাতে পারে। বিজেপির যুব মোর্চার সভাপতি অজয় সাহা অবশ্য তৃণমূলের ঘাড়ে দায় চাপিয়েছেন। যদিও বিজেপির একাংশের মতে কোচবিহার জেলা জুড়ে নব্য বনাম আদি বিজেপির কোন্দল ক্রমশ বাড়ছে।
বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা এই ঘটনার পেছনে থাকতে পারে বলে মনে করছে বিজেপি নেতৃত্বের একাংশ আবার বিজেপি নেতাদের একাংশ মনে করছেন নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি করা বা কোচবিহার বিমানবন্দর পুনরায় চালু করা যে সমস্ত প্রতিশ্রুতি লোকসভা ভোটে দেয়া হয়েছিল সেগুলি একেবারে পূরণ না হওয়ায় সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজেপি কর্মীদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে তারা এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। সবমিলিয়ে অমিত শাহের কোচবিহার সফরের আগে কেন্দ্র বিরোধী পোস্টার ফ্লেক্সে যথেষ্ট অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব।

Post a Comment