কোয়েল পাখি চাষ, স্বনির্ভর গোষ্ঠীর পাশ স্বরোজগার কর্পোরেশন
দি নিউজ লায়ন ; কোয়েল পাখির ডিম এবং মাংসের চাহিদা ক্রমশ বাড়ছে। এবারে এই কোয়েল পাখি চাষে স্বনির্ভর গোষ্ঠীদের উৎসাহ দিতে এবার উদ্যোগী হল পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশন। বৃহস্পতিবার উলুবেড়িয়া ১ নম্বর ব্লক অফিসে এক অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর হাতে কোয়েল পাখির চাষে ইনকিউবেটর তুলে দিল পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান বিধায়ক পুলক রায়।
এদিনের এই অনুষ্ঠানে ৩টি গোষ্ঠীর হাতে ক্যাটারিং, ১০টি গোষ্ঠীর হাতে টেলারিং, ২টি গোষ্ঠীর হাতে বিউটি পার্লার, ৬ টি গোষ্ঠীর হাতে মুড়ি ভাজা মেশিন ও ১০ টি গোষ্ঠীর হাতে মাশরুম চাষের মেশিন তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর বৃহস্পতিবার প্রায় ২০ লক্ষ টাকার জিনিসপত্র স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নীলাদ্রি শেখর দে, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম সহ অন্যান্যরা।
এদিনের এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান বিধায়ক পুলক রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলারা মাথা তুলে দাঁড়াতে পারছে। তিনি বলেন ইতিমধ্যে স্বরোজগার কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে বিভিন্ন সামগ্রী প্রদান করে তাদের চলার পথকে সুগম করেছে। এদিন বিধায়ক বলেন আগামী দিনে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি জিনিসপত্র উলুবেড়িয়া ১ নং ব্লক অফিসে বিক্রির ব্যবস্থা করা হবে।

Post a Comment