দমবন্ধ হওয়া প্রচুর মানুষ দলে আছেন, আগামী দিনে তাদের মধ্যেও প্রতিবাদের ভাষা থাকবে, রাজীব
দি নিউজ লায়নঃ "দমবন্ধ হওয়া প্রচুর মানুষ দলে আছেন। প্রকাশ্যে তারা কিছু বলতে পারছেন না। আগামী দিনে তাদের মধ্যেও প্রতিবাদের ভাষা থাকবে।" শনিবার হাওড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "হতাশা থেকে বাধ্য হয়েই উনি রাজ্যসভার কক্ষে দাঁড়িয়ে ওই কথা বলেছেন। দলে অনেক নেতা কর্মীরা রয়েছেন যারা হয়তো প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। দমবন্ধ হওয়া প্রচুর মানুষ দলে আছেন।
আগামী দিনে প্রতিবাদের ভাষা তাদের মধ্যেও থাকবে।" পাশাপাশি এদিন রাজীববাবু বলেন, "কেন্দ্র-রাজ্য যদি যৌথভাবে কাজ না করতে পারে তাহলে কোনও সার্বিক উন্নয়ন হয়না। শুধু ঝগড়া করলে রাজ্যের জন্য কেন্দ্রের কাছ থেকে বিশেষ সুবিধা অর্জন করা যাবেনা। রাজ্যের মানুষ এতে বঞ্চিত হয়েছেন। তাই আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার চাই। ৩৪ বছরের বামফ্রন্ট শাসনকাল, আর ৯ বছরের বর্তমান রাজ্য সরকার, বাংলার মানুষ এর পরিবর্তন চাইছেন। বাংলার মানুষ এবার সেই রায় দেবেন।"
এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "নতুন কেউ ঘরে প্রবেশ করলে ঘর গোছাতে একটু সময় লাগে। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে বাংলায় পরিবর্তন সুনিশ্চিত করার জন্য যা যা করার দরকার করবে। আজকে আমরা দলীয় কার্য্যালয়ে আলাপচারিতা এবং সাংগঠনিক আলোচনা করলাম। নতুন যারা জয়েন করেছে আজকে তাদের সঙ্গেও মিটিং করা হলো।"

Post a Comment