করোনা আবহে পশ্চিম মেদিনীপুর জেলায় ১১০৮ টি সহায়ক বুথ হবে
দি নিউজ লায়নঃ করোনা আবহে বাড়ানো হচ্ছে বুথের সংখ্যা। পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ছে ১১০৮ টি অস্থায়ী বুথ।পশ্চিম মেদিনীপুর জেলায় আগে বুথের সংখ্যা ছিল ৪২৯০ টি। করোনা পরিস্থিতির কারনে প্রতি বুথে ১০৫০ এর বেশি ভোটার থাকবে না। নির্বাচন কমিশনের এই নির্দেশ মেনে এর বেশি ভোটার হলেই সেই বুথ এলাকায় থাকবে অতিরিক্ত বুথ।
পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচন আধিকারিক তথা পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক রশ্মি কমল শনিবার জানান , অস্থায়ী বুথের পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে। এজন্য জেলার প্রতিটি ব্লকের বিডিও দের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকের নির্দেশ পেয়ে অস্থায়ী বুথের পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকের ব্লক প্রশাসন।

Post a Comment