বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ঘাটালে ঐতিহাসিক বাইক রেলি
দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঐতিহাসিক বাইক রেলির আয়োজন করা হয়। বাইক রেলিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার সহ-সভাপতি নির্মাল্য চক্রবর্তী ও তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী সহ আরো অনেকে। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বরদা চৌকান থেকে মোটর বাইক রেলী শুরু হয় ।
বরদা চৌকান হয়ে বীরসিংহ , খড়ার,মনশুকা হয়ে ঘাটালে এসে শেষ হয় প্রায় ৩৫ কিলোমিটার বাইক রেলি। প্রায় আড়াই হাজার বাইক নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা বাইক রেলিতে অংশগ্রহণ করেন।বাইক রেলিতে স্লোগান ছিল খেলা হবে ,খেলা হবে ,খেলা হবে তবে ভোট গণনার দিন ভোট গণনার পর। বাইক রেলির শেষে তৃণমূলের রাজ্য কমিটির মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন বিজেপি বলছে খেলা হবে সত্যি তো খেলা হবে তবে সেই খেলা হবে বিধানসভা নির্বাচনে ভোট গণনার দিন ভোট গণনার পর। সেই খেলা হবে কারণ তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস এবং তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলায় উৎসবের মেজাজে দলের কর্মী ও সমর্থকরা বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে ।
বিজেপির রথযাত্রা কে কটাক্ষ করে তিনি বলেন রথযাত্রায় দেব দেবীরা থাকে। কিন্তু বিজেপি নেতারা রথযাত্রায় ঘুরে বেড়াচ্ছেন এটাকে তিনি বলেন বাস যাত্রা।বাংলার মানুষ কাদের সাথে রয়েছে তা বিধানসভা নির্বাচনে প্রমাণ হবে। বিজেপি হাজার চেষ্টা করেও বাংলার ক্ষমতা দখল করতে পারবেনা। বাংলাজুড়ে বিজেপি হিংসার বাতাবরণ তৈরি করছে। যারা কৃষক বিরোধী কৃষিবিল লোকসভা ও রাজ্যসভায় পাশ করিয়েছে তাদের এ রাজ্যে এসে কৃষকদের বন্ধু সাজতে হচ্ছে। বাংলার মানুষ এদের চরিত্র ভালো করে জেনে নিয়েছে।
তিনি বলেন কৃষক বিরোধী কৃষি বিল বাতিল করতে হবে। কৃষকরা ঠান্ডায় বহু কষ্ট করে কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলন করছে। তাই এই এলাকার সর্বস্তরের কৃষকদের তিনি বলেন কৃষক বিরোধী বিজেপিকে আপনারা প্রশ্রয় দিবেন না ।সেই সঙ্গে তিনি বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য আপনারা তার পাশে থাকবেন।

Post a Comment