সুন্দরবনের জঙ্গল থেকে নদী পেরিয়ে গ্রামে ঢুকে পড়ল রয়‍্যাল বেঙ্গল - The News Lion

সুন্দরবনের জঙ্গল থেকে নদী পেরিয়ে গ্রামে ঢুকে পড়ল রয়‍্যাল বেঙ্গল

 


দি নিউজ লায়নঃ      সাতসকালে হুলুস্থূল। সুন্দরবনের জঙ্গল থেকে নদী পেরিয়ে গ্রামে ঢুকে পড়ল রয়‍্যাল বেঙ্গল। ঘন্টাখানেক দাপিয়ে বেরিয়ে শেষ পর্যন্ত অবশ্য নদী পেরিয়ে জঙ্গলে ফিরে যায় দক্ষিণরায়। গোটা ঘটনায় বুধবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায় সুন্দরবনের বসিরহাট রেঞ্জের হিঙ্গলগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট ফরেস্ট রেঞ্জের হিঙ্গলগঞ্জের চার নম্বর সামশেরনগর বনবিবি গেস্ট হাউসের পিছনে জঙ্গলের পাশে কুঁকড়েখালি নদী।


 বুধবার সকালে জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার বের হয়ে কুঁকড়েখালি নদীর পাড়ে চলে আসে। প্রায় 40 মিনিট নদীর পাড়ে ঠায় দাঁড়িয়ে থাকে বাঘ। স্বাভাবিকভাবেই বাঘ দেখা যাওয়ার খবর পেয়ে গেস্ট হাউসের পর্যটকরা বাঘের ছবি তুলতে নদীর পাড়ে চলে আসে। পর্যটকদের অত্যুৎসাহের ফলে আচমকা বাঘ নদী পেরিয়ে গ্রামের দিকে আসতে শুরু করে। ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান পর্যটক এবং স্থানীয় গ্রামবাসীরা।ঘন্টাখানেক ধরে গ্রামে দাপিয়ে বেড়ায় সে। খবর পেয়ে  ছুটে আসে বনদপ্তর এর কর্মীরা। শেষ পর্যন্ত স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বাঘটিকে তাড়া করে ফের জঙ্গলে ফেরত পাঠানো হয়। আপাতত কোনো বিপদ না ঘটলেও যেভাবে নদী সাঁতরে ফেন্সিং ডিঙিয়ে বাঘ একেবারে গ্রামে ঢুকে পড়ল তাতে আতঙ্কিত স্থানীয় গ্রামবাসীরা।


 প্রসঙ্গত কয়েক মাস আগে এই বসিরহাট রেঞ্জেই খাঁচা পেতে একটি বাঘ ধরেছিল বনদপ্তর। পরবর্তীতে দেখা যায় বাঘটি শিকারে অক্ষম। গ্রামবাসীদের আশঙ্কা এদিন যে বাঘটি গ্রামে ঢুকেছিল সেটিও আগের মতই মানুষখেকো হয়ে থাকতে পারে।বনদপ্তর অবিলম্বে খাঁচা পেতে বাঘটিকে ধরে অন্যত্র সরিয়ে নিয়ে যাক। যদিও অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বনদপ্তরের আধিকারিকরা। তারা জানিয়েছেন পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.