দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার কুয়াশার জেরে দুর্ঘটনায় মৃত সাত
দি নিউজ লায়নঃ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার দাপট মুর্শিদাবাদ মেদিনীপুরে 24 ঘন্টায় ঘন কুয়াশার জেরে দুর্ঘটনায় মৃত্যু সাত জনের আহত অন্তত 10।ঘন কুয়াশায় দিনভর মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৫ জনের। আহত হয় একাধিক। প্রথম ঘটনাটি ঘটে সাগরদিঘি এলাকায়। সেখানে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়। একটি বাইকে চেপে ফেরার পথে রাস্তার পাশে পাকা দেওয়ালে ধাক্কা মারেন তাঁরা। দেওয়াল ভেঙে চাপা পড়ে যান।
মৃতদের নাম সীতারাম মণ্ডল(৩০), শঙ্কর মণ্ডল(২১) ও অপূর্ব মণ্ডল(২৪)। বাড়ি স্থানীয় কান্তনগরে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা দেওয়ালে ধাক্কা মারায় দেওয়াল ভেঙে চাপা পড়ে যান। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বহরমপুরে। পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়। একজন গুরুতর জখম হয়েছেন। মৃতদের নাম উত্তম হালদার(৫৪) এবং মইদুল ইসলাম শেখ(৩৫)। তাঁদের বাড়ি হরিহরপাড়া থানা এলাকায়। তাঁরা একটি অটো ভাড়া করে বহরমপুর থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন।
সেইসময় বহরমপুর-হরিহরপাড়া জাতীয় সড়কের উপর কাঁটাবাগানের কাছে একটি ট্রাক পিছনের দিক থেকে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই দু’জন মারা যান। একজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতায় রেফার করা হয়েছে। অন্যদিকে,রবিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত হরিয়াতাড়া এলাকায় দ্রুত গতিতে আসা বালি বোঝাই একটি ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে দুই ব্যক্তির মৃত্যু হয় । যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উত্তেজিত জনতা বালি ভর্তি ডাম্পার গাড়িতে আগুন লাগিয়ে দেয় ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়গোপুর লোকাল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুই ব্যক্তি খড়গপুর লোকাল থানার হরিয়াতাড়া গ্রামের বাসিন্দা।তারা হলেন লক্ষীকান্ত নায়ক (২৫) ভবসিন্ধু মাহাতো (২৩)। দুইজন একই বাইকে যখন বাড়ি ফিরছিল সেই সময় বালিবোঝাই ডাম্পার গাড়িটি তাদের কে পিছন থেকে ধাক্কা মারে।যার ফলে মর্মান্তিক ঘটনাটি ঘটে ।তবে ডাম্পারের চালক পলাতক।

Post a Comment