বাঁকুড়ায় আদি বনাম নব্য বিজেপি কোন্দল চরমে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, উঠল মুকুল রায় মুর্দাবাদ স্লোগানও
দি নিউজ লায়নঃ বাঁকুড়ায় আদি বনাম নব্য বিজেপি কোন্দল চরমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। উঠল মুকুল রায় মুর্দাবাদ স্লোগানও। তৃণমূল থেকে সদ্য বিজেপি তে যোগ দেওয়া জঙ্গলমহলের দুই দাপুটে নেতাকে বহিস্কার করার দাবিতে এবার রাস্তায় নামল আদি বিজেপি কর্মীরাই। শুধু মিছিল, বিক্ষোভ বা অবস্থান কর্মসূচী নয় একেবারে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলেন নিচু তলার বিজেপি কর্মীরা। বিজেপির মিছিল থেকে স্লোগান উঠল মুকুল রায় মুর্দাবাদ। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন দলের বহিস্কৃত ও বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্তরা ভিড় জমাচ্ছে গেরুয়া শিবিরে। বাঁকুড়ার জঙ্গলমহলের ছবিটাও তার ব্যাতিক্রম নয়।
সম্প্রতি জঙ্গলমহলের বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত দুই তৃণমূল নেতা জয়ন্ত মিত্র ও বিদ্যুৎ দাস যোগ দেন বিজেপিতে। আর এই দু'জন বিজেপি তে যোগ দিতেই ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভা এলাকার বিজেপির নিচু তলার কর্মীদের মধ্যে। বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ এতটাই বড় আকার নিয়েছে যে প্রকাশ্যেই ওই দুই নেতাকে বহিস্কারের দাবিতে সরব হয়েছেন বিজেপির নিচু তলার কর্মীরা। ওই দুই নেতাকে বহিস্কারের দাবিতে সোমবার বাঁকুড়ার রানীবাঁধে প্রকাশ্যে বিজেপি কর্মীরা মিছিল ও অবস্থান বিক্ষোভ শুরু করেন। একই সাথে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে তুমুল বিক্ষোভ। আর এই বিক্ষোভে নেতৃত্ব দেন ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে খুন হওয়া বিজেপির বুথ সভাপতি অজিত মুর্মুর স্ত্রী উর্মিলা মুর্মু।
বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি সদ্য বিজেপি তে যোগ দেওয়া বিদ্যুৎ দাস এর নেতৃত্বে ২০১৮ সালে রানীবাঁধে পিটিয়ে খুন করা হয় বিজেপির বুথ সভাপতি অজিত মুর্মুকে। সেই ঘটনার স্মৃতি এখনো দগদগে এলাকার বিজেপি কর্মীদের মনে। এর মাঝেই মুকুল রায় এর হাত ধরে বিদ্যুৎ দাস বিজেপি তে যোগ দিয়েছে। একই ভাবে বিক্ষোভকারীদের দাবি সম্প্রতি বিজেপি তে যোগ দেওয়া তৃনমূল নেতা জয়ন্ত মিত্রও জঙ্গলমহলে একাধিক দুর্নীতি ও গুন্ডাগিরির নায়ক। বিজেপি তে এই দুজনের যোগদান কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট জানিয়েছেন এদিনের বিক্ষোভকারী বিজেপি কর্মীরা। তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, জঙ্গলমহলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ শুরু হয়েছে। সেই দ্বন্দ আজ আর ঘরে সীমাবদ্ধ নেই, রাস্তায় নেমে তা আগুন জ্বালাতে শুরু করেছে। এই ঘটনা তারই বহিঃপ্রকাশ।

Post a Comment