তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের দেওয়ালে 'সাইড ফর বিজেপি' লিখে দিয়ে যাচ্ছেন বলে আলিপুরদুয়ার থানার দ্বারস্থ্য হলেন দীপ্ত চট্টোপাধ্যায়
দি নিউজ লায়নঃ রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পতাকা, ফ্লেক্স ছিড়ে দিচ্ছে বিজেপি। এমনকি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের দেওয়ালে 'সাইড ফর বিজেপি' লিখে দিয়ে যাচ্ছেন বিজেপির ছাত্র যুবরা। তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে জোরে জোরে স্লোগান দেওয়া হচ্ছে 'ভারত মাতা কি জয়'। এমন সব অভিযোগ তুলে আলিপুরদুয়ার থানার দ্বারস্থ্য হলেন আলিপুরদুয়ার টাউন ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরদুয়ার থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছেন আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপ্ত চট্যোপাধ্যায়। শুধু থানায় অভিযোগ করেই থেমে থাকেন নি তিনি।
একেবারে সাংবাদিক সম্মেলন করে তার এই অভিযোগের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন দীপ্ত চট্যোপাধ্যায়। বিজেপি অবশ্য তাদের দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়ার জন্য শাসক দলের নেতা এমন অভিযোগ থানায় জানিয়েছেন বলে মনে করছে। মঙ্গলবার আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসেই সাংবাদিক সম্মেলন করেন দীপ্ত চট্টোপাধ্যায়। আর সেই সাংবাদিক সম্মেলনে এই সব অভিযোগ তোলেন তিনি। এদিন দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, " রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করছে বিজেপি। গোটা জেলায় বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে আমাদের ফ্লেক্স, ফেস্টুন পতাকা ছিড়ে দিচ্ছে বিজেপি।
কোথাও কোথাও আবার পতাকা ফেস্টুন রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অফিসের দেয়ালে সাইড ফর বিজেপি লিখে দেওয়া হচ্ছে। আমাদেরকে দেখলেই বা আমাদের অফিসের সামনে এলেই জোরে জোরে স্লোগান দেওয়া হচ্ছে 'ভারত মাতা কি জয়', 'বিজেপি জিন্দাবাদ'। এমন চলতে থাকলে রাজনৈতিক অশান্তি বাড়বে। আমরা রাজনৈতিক অশান্তি চাইনা। সেই কারণেই হুঁশিয়ারি দিতে চাচ্ছি বিজেপিকে। আর রাতের অন্ধকারে কাউকে যদি ফ্লেক্স ফেস্টুন পতাকা নষ্ট করতে ধরতে পারি তাহলে তাকে আমরা জনগণের হাতেই তুলে দেব। বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ জানিয়েছে পুলিশ অভিযোগের তদন্ত করে দেখছে।

Post a Comment