প্রয়াত প্রাক্তন কংগ্রেস বিধায়ক
দি নিউজ লায়নঃ প্রয়াত হলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা আইএনটিটিইউসি এর নেতা রাম জনম মাঝি (৮২) । বুধবার সকালে চেঙ্গাইলের ল্যাডলো শ্রমিক আবাসনে হূদরোগে আক্রান্ত হয়ে এই প্রবীণ রাজনৈতিক নেতার মৃত্যু হয়। প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।
জানা গেছে চটকল শ্রমিকদের নিয়ে আন্দোলনের শিরোনামে উঠে আসা রাম জনম মাঝি ১৯৯৪ সালে উলুবেড়িয়া পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। পরে উলুবেড়িয়া উত্তর বিধানসভার তপশিলি সংরক্ষিত আসন থেকে ১৯৯৬ সালে বিধায়ক নির্বাচিত হন। সূত্রের খবর খুব অল্প বয়সে রাম জনম মাঝি বিহার থেকে পশ্চিমবঙ্গে এসে চেঙ্গাইলের চটকলে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন।
পরে তিনি ধাপে ধাপে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এদিকে প্রাক্তন বিধায়কের মৃত্যুর খবর পাওয়ার পরই তার বাড়িতে যান কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী, প্রাক্তন বিধায়ক মোহন মন্ডল, উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।

Post a Comment