ঘুমন্ত অবস্থায় মহিলাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে আক্রান্ত স্বামী
দি নিউজ লায়নঃ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কোচবিহারে। মাঝরাতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এক মহিলাকে কুপিয়ে খুন করলো দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে আক্রান্ত তার স্বামীও। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের তুফানগঞ্জে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শহিদুল মিঞা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মাঝরাতে ঘরের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে।
সেই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন জরিফা বিবি এবং তার স্বামী আলী হোসেন। অভিযোগ কালো কাপড়ে মুখ ঢাকা দুষ্কৃতীরা ঘুমন্ত অবস্থায় থাকা জরিফাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। স্ত্রীর আর্তনাদে ঘুম ভেঙে যায় আলীর। তিনি দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকেও কোপাতে শুরু করে। দম্পতির চিৎকারে পরিবারের বাকি সদস্যরা ছুটে গেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার করে পুলিশ। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয় জরিফার।
ধারালো অস্ত্রের কোপে তার মাথা দেহ থেকে আলাদা হয়ে গিয়েছিল। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় আলীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে। যদিও তার অবস্থা এখনও যথেষ্ট আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার শরীরের একাধিক জায়গায় অস্ত্রের কোপ রয়েছে।
কি কারণে ওই দম্পতির ওপর হামলা হলো সে ব্যাপারে কিছুটা ধন্দে রয়েছেন পুলিশ আধিকারিকরা। আক্রান্ত দম্পতির পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে বেশ কিছুদিন ধরেই তাদের অশান্তি চলছিল। পারিবারিক কিছু সমস্যা ছিল তাদের। সেই কারণেই হামলা হয়ে থাকতে পারে। যদিও অন্য সমস্ত দিক পুলিশ খতিয়ে দেখছে।


Post a Comment