বেনামে মোবাইলের সিম তুলে অনলাইনে আর্থিক প্রতারণা সিআইডির জালে 3
দি নিউজ লায়নঃ বেনামে মোবাইল ফোনের সিম কার্ড তুলে, একটি আর্থিক সংস্থা থেকে অনলাইনে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে পূর্ব মেদিনীপুরের এগরা থেকে তিন ব্যক্তিকে আটক করল সিআইডির সাইবার ক্রাইম ব্রাঞ্চ। ইতিমধ্যে সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ওই তিন ব্যক্তিকে কলকাতায় নিয়ে গিয়েছে। এর পেছনে বড়সড় কোন চক্র আছে কিনা, তা খতিয়ে দেখছে গোয়েন্দা আধিকারিকরা ।
ধৃতরা হল বালিঘাই সিলামপুর গ্রামে বাসিন্দা শান্তনু প্রধান।এগরা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বাসিন্দা সৌগত বড়পন্ডা ও কৌরদা গ্রামের নব কুমার পাত্র।তিন জনেই এগরা থানা এলাকার বাসিন্দা।
সূত্রের খবর, আটক তিন ব্যক্তি এগরা শহরের মিলনী রোডের একটি মোবাইল ফোনের সিম কার্ড বিক্রি সেন্টারের কর্মী। সেই সেন্টারের মালিক তথা মূল অভিযুক্ত পলাতক। সূত্রের খবর এই সিমকার্ড বিক্রি সেন্টারের তিন কর্মী বিভিন্ন ব্যক্তির নামে সিম কার্ড তোলেন । তারপর সেই বেনামের সিমকার্ড ব্যবহার করে দিল্লির একটি আর্থিক সংস্থা থেকে অনলাইনে বেশ কয়েক লক্ষ টাকা ঋণ নেন।
তারপর সেই ঋণ শোধ না দেওয়ায় আর্থিক সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সমস্ত ব্যক্তিরা জানান, তাঁরা কোন অনলাইনে ঋণ করেননি। এমনটা জানার পর আর্থিক সংস্থাটি বুঝতে পারে যে, তারা প্রতারণার শিকার হয়েছেন। তখন দুষ্কৃতকারীদের ধরার জন্য সংশ্লিষ্ট আর্থিক সংস্থাটি সিআইডির দ্বারস্থ হয়।অভিযোগ পাওয়ার পরে তদন্তে নেমে সিআইডির সাইবার ক্রাইম ব্রাঞ্চ এক প্রতিনিধি দল গত কয়েকদিন ধরে এগরা শহরের একটি লজে ঘাঁটি বানিয়ে তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত সেই সিম কার্ড বিক্রি সেন্টারের তিন কর্মীকে আটক করেছে সিআইডির সাইবার ক্রাইম ব্রাঞ্চ।

Post a Comment