প্রেমিকার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া এবং ব্ল্যাকমেলিং করে টাকা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার 1
দি নিউজ লায়ণঃ প্রেমিকার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া এবং ব্ল্যাকমেলিং করে টাকা চাওয়ার অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে গলসি থানা এলাকায়। ধৃতের নাম ইমদাদুল শেখ ওরফে বিশাল। গলসি থানার খাঁপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, গলসি থানা এলাকার ওই যুবতীর সঙ্গে ইমদাদুলের ভাব-ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ইমদাদুল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। হোটেল ও গেস্ট হাউসে নিয়ে গিয়ে যুবতীর সঙ্গে সহবাস করে সে। মাস তিনেক আগে যুবতীর সঙ্গে তার সম্পের্ক ছেদ পড়ে।
সম্পর্ক থাকাকালীন যুবতী হোয়াটস অ্যাপে ইমদাদুলকে বেশ কয়েকটি অশালীন ছবি পাঠায়। যুবতীকে সম্পর্ক জোড়ার জন্য চাপ দেয় সে। তাতে রাজি না হওয়ায় যুবতীকে নানাভাবে ব্ল্যাকমেলিং করতে শুরু করে অভিযুক্ত। কয়েকটি আপত্তিকর ছবি যুবতীর জামাইবাবুকে হোয়াটসঅ্যাপ করে পাঠায় সে। তার প্রস্তাবে রাজি না হলে সব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে।
এমনকি যুবতীর কাছ থেকে সে ১ লক্ষ টাকা দাবি করে। এরপরই যুবতী মঙ্গলবার ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার রাতে বাড়ি থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের ২টি মোবাইল ও কয়েকটি আপত্তিকর ছবি পুলিস বাজেয়াপ্ত করেছে। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

Post a Comment