ঝাড়গ্রাম ও জামবনি ব্লকের বিভিন্ন গ্রামে হাতির তাণ্ডব, আতংকে রয়েছেন গ্রামবাসীরা
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত ।যার ফলে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ও জামবনি ব্লকের জঙ্গল লাগুয়া গ্রাম গুলির বাসিন্দারা হাতির হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন। শনিবার ভোররাত থেকে ঝাড়গ্রাম জেলার ঝাড়্গ্রাম ও জামবনি ব্লক এর বিভিন্ন গ্রামে কয়েকটি দাঁতাল হাতি লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করেছে। ঝাড়গ্রাম জেলার মধুপুর গ্রামে সাতসকালে ঢুকে পড়ে বেশ কয়েকটি হাতি। ওই গ্রামে হাতি ঢুকে কয়েকটি বাড়ি ভাঙচুর করে বলে গ্রামবাসীরা অভিযোগ করেন।
যার ফলে ওই গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা তাড়া করে হাতিটিকে জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করে। কিন্তু ঘন কুয়াশা থাকায় হাতিটি মাঠের দিকে চলে যায়। যার ফলে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন ।অপরদিকে বেশ কয়েকটি হাতি শুক্রবার রাত থেকে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের শাবলমারা গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। গ্রামবাসীদের চেষ্টায় হাতির দল গ্রাম থেকে স্থানীয় জঙ্গলের দিকে যায়। ওই গ্রামে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে বলে গ্রামবাসীরা জানান। সেই সঙ্গে বাড়ির দরজা ভেঙ্গে বাড়িতে থাকা ধান খেয়েছে হাতি। তেমনি মাঠে থাকা ফসলের ক্ষতি করছে হাতির দল। গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানিয়েছেন।
তবে যেভাবে খাবারের সন্ধানে হাতি লোকালয়ে ঢুকে পড়ছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। শুধু ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ও জামবনি ব্লকে নয় জেলার নয়াগ্রাম, লালগড় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। বিভিন্ন দলে ভাগ হয়ে হাতি গ্রামে ঢুকে পড়ছে ।এর মধ্যে কয়েকটি দল ছুট হাতি রয়েছে। যার ফলে রাস্তাঘাটে চলাচল করতে সমস্যায় পড়ছেন গ্রামের বাসিন্দারা। তবে বন দফতরের পক্ষ থেকে জানানো হয় যে হাতি গুলির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে। যাদের হাটি বাড়িঘর ও ফসলের ক্ষতি করছে তাদের বনদপ্তর এর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। সেইসঙ্গে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বন দফতর। তা সত্ত্বেও আতঙ্কে রয়েছেন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা।

Post a Comment