বিজেপি নেতাদের মাথা চেয়ে মাওবাদীদের নামে দেওয়াল লিখন ,চাঞ্চল্য বিনপুর থানার মহুলবনি এলাকায়
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার এড়গোদা গ্রাম পঞ্চায়েতের এড়গোদা ও মহুলবনি গ্রামে মাওবাদীদের নামে দেওয়াল লিখন কে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ, ঝাড়গাম জেলা সভাপতি সুখময় সৎপতি ,বিজেপি নেতা গণেশ মাহাতো সহ মোট ছয় জনের কাটা মাথা চেয়ে দেওয়াল লেখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিনপুর থানার পুলিস দেওয়াল লিখন গুলি মুছে দিয়েছে। বিজেপির অভিযোগ এর পিছনে তৃণমূলের হাত রয়েছে ।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।বিনপুর থানার আইসি হিমাংশু বিশ্বাস বলেন ঘটনার তদন্ত চলছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে ।লাল কালিতে লেখা হয়েছে বিজেপি নেতার মুন্ড চাই ।তবে প্রথমে রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম। নিচে লেখা রয়েছে এমসিসি মাওবাদী। বিজেপির শিলদা মন্ডল সভাপতি সব্যসাচী বরাট বলেন ওই এলাকায় আমাদের সংগঠন খুব ভালো আছে তাই মাওবাদীদের নাম নিয়ে তৃণমূল আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে ।
তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী বলেন মুখ্যমন্ত্রীর হাত ধরে জঙ্গলমহলে শান্তি ফিরেছে, এখানে কোন রকম অশুভ শক্তি মাথা তুলতে পারবে না ।বিজেপি সহানুভূতি পাওয়ার জন্য নিজেরাই দেওয়াল লিখে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এড়গোদা ও মুহুলবনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Post a Comment