পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির মাধ্যমে প্রায় আড়াই কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজ শেষ
দি নিউজ লায়নঃ রাজ্য সরকারের পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির মাধ্যমে প্রায় আড়াই কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজ শেষ করলো তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে পুরাতন মালদা মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের এলাকায় কংক্রিট ঢালাই রাস্তার শিলান্যাস করেন পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূলের মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান সুরাইয়া বিবি, ব্লক সভাপতি সহ পঞ্চায়েত ও প্রশাসনের কর্তারা ।
এদিন কামনচ গ্রামের নারকেল ফাটিয়ে ওই এলাকার প্রায় আড়াই কিলোমিটার রাস্তা শুভ শিলান্যাস করা হয় । এজন্য প্রায় এক কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। জেলা পরিষদের বরাদ্দ অর্থেই এই আড়াই কিলোমিটার রাস্তা তৈরির কাজ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ। দীর্ঘদিনের দাবি মেনে গ্রামের রাস্তার কাজ শুরু হওয়ায় গ্রামবাসীদের মুখে হাসি ফুটেছে। আদিবাসী অধ্যুষিত কামনচ গ্রামের বাসিন্দাদের বক্তব্য, বর্ষার সময় এক হাটু কাদা জলে ভরে থাকে এই এলাকার প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা। শীতের মরসুমে ধুলায় চলাচল করা যায় না । চরম বেহাল রাস্তার অবস্থার জন্য যানবাহন চলাচল করতে পারে না। সাইকেল নিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের।
বেহাল এই রাস্তা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিল । অবশেষে পঞ্চায়েত কর্তৃপক্ষ এই রাস্তা কাজের টাকা বরাদ্দ করেছে। তৃণমূল পরিচালিত মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান সুরাইয়া বিবি বলেন , এই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই আমার কাছে বেহাল রাস্তা সংস্কার এবং নতুন করে তৈরি দাবি জানিয়ে আসছিলেন । বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে ছিলাম। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি , ব্লক প্রশাসনের এবং জেলা পরিষদের উদ্যোগে এই রাস্তা তৈরির টাকা বরাদ্দ হয়েছে।

Post a Comment