রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে সোনার দোকানে দুঃসাহসিক চুরি
দি নিউজ লায়ণঃ রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া এলাকায়। ওই দোকানের জানালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনা, চাঁদি, রূপোর অলংকার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। বুধবার সকালে বিষয়টি নজরে আসতে গোটা এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসে সংশ্লিষ্ট থানার পুলিশ। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন সোনার দোকানের মালিক ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশচন্দ্রপুর কনুয়া এলাকার সোনার ব্যবসায়ী নব কুমার সাহার একটি সোনার দোকান রয়েছে। গতকাল গভীর রাত্রে তার দোকানের জানালার দেওয়াল ফাটিয়ে তার দোকানে ঢুকে দুষ্কৃতীরা। তারপর ওই দোকানে অলংকার চুরি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। দোকানে মজুদ থাকা রুপো, চাঁদি ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে দোকানের ভিতর ঢুকে দেখে দোকানে সমস্ত নামী দামী অলঙ্কার চুরি হয়ে গিয়েছে। এরকম দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এ ব্যাপারে সোনার দোকানের মালিক নব কুমার সাহা জানিয়েছেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের পিছন দিকের দেওয়ান ফাটানো অবস্থায় পড়ে রয়েছে এবং দোকানে মজুদ থাকা সোনা চাঁদির গয়না চুরি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লক্ষ টাকা। এলাকায় পুলিশের নিরাপত্তার অভাব বোধ করছি আমরা। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এলাকায় রাতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হোক।
এদিকে চুরির ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।

Post a Comment