মাঝরাতে নুপুরের শব্দ হরিশ্চন্দ্রপুরের স্কুলে অশরীরীর আতঙ্ক
দি নিউজ লায়নঃ সরস্বতী পূজা উপলক্ষে স্কুল প্রাঙ্গনে রাত জেগে ছিলেন বেশকিছু পড়ুয়া। গভীর রাতে স্কুলের মধ্যেই রহস্যজনক নুপুরের আওয়াজ ভেসে আসতেই স্কুলপড়ুয়াদের মধ্যে ভূতের আতঙ্ক ছড়িয়েছে। কয়েকজন স্কুলপড়ুয়ারা অন্ধকারের মধ্যেই সেই নুপুরের আওয়াজ মোবাইলে রেকর্ড করেছেন বলে দাবি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা হাইস্কুলে।
এদিকে বিষয়টি জানতে পেরে মালদা জেলা বিজ্ঞান মঞ্চের এক প্রতিনিধি দল শুক্রবার ওই স্কুলে তদন্তে গিয়েছেন। বিজ্ঞান মঞ্চের কর্তাদের বক্তব্য, ভূত বলে কিছু হয় না । এটা শুধু মাত্র কুসংস্কার । স্কুলে আতঙ্ক ছড়ানোর জন্য এই ধরনের কাজ করে থাকতে পারে কেউ বা কারা। এদিকে বেশ কিছু স্কুল পড়ুয়াদের বক্তব্য, মধ্যরাতে বিদ্যা্যালয়ে শোনা যাচ্ছে নুপুরের শব্দ ৷ মনে হচ্ছে কেউ পায়ে নুপুর বেঁধে হেঁটে চলেছে স্কুলের বারান্দায়,চলছে নৃত্য।
কখনও প্রাপ্তবয়স্ক পুরুষের আর্তনাদের শব্দ, কখনও বা একসঙ্গে একাধিক পায়ের আওয়াজ। স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ হাসিব জানিয়েছেন, সরস্বতীপুজোয় স্কুলে রাত কাটাতে এসে ছাত্রদের কেউ হয়তো এনিয়ে মজা করেছে৷ তারা অন্য কোথাও এমন শব্দ রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে৷ আমরা এর তদন্ত শুরু করেছি৷ এনিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে প্রয়োজনে পুলিশের সাহায্য নেয়া হবে।

Post a Comment