ছেলে ধরা সন্দেহে মহিলাকে গণপিটুনির হাত থেকে বাঁচালো পুলিশ
দি নিউজ লায়নঃ ছেলে ধরা সন্দেহে মধ্যবয়স্ক এক মহিলাকে ক্ষিপ্ত জনতার গনপিটুনি হাত থেকে উদ্ধার করলো পুরাতন মালদা থানার পুলিশ। পুলিশের এই মানবিক মুখ দেখে সাধুবাদ জানিয়েছেন উদ্ধার হওয়া ওই মহিলা ও তার পরিবারের লোকেরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের চেঁচুর মোড় এলাকায়। পুলিশের এই কাজে খুশি পরিবারের সদস্যরা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মহিলাটির নাম রেজিনা বিবি(৩২)। তার স্বামী নুরসেলিম শেখ পেশায় শ্রমিক।
গত আট বছর আগে মেয়ের বিয়ে হয় মুর্শিদাবাদের রানীটোলা থানা এলাকায়।সম্প্রতি বেশ কিছুদিন ধরেই মেয়েটি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তার চিকিৎসাও চলছিল। এরই মধ্যে গত ছয় দিন আগে তার এক কোলের ছেলেকে সঙ্গে করে বাড়ি থেকে বেরিয়ে আসে ওই মহিলা। এরপর থেকেই তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে সে পুরাতন মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের চেচুর মোড় এলাকায় বৃহস্পতিবার রাতে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় স্থানীয়রা তাকে ছেলে ধরা সন্দেহে আটকায়।
এরপরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুরাতন মালদা থানার পুলিশ গিয়ে মহিলাটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। মহিলাটি সুস্থ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার কাছ থেকে সমস্ত কিছু জেনে খোঁজখবর শুরু করে পুলিশ। সেইমতো মুর্শিদাবাদ রানীটোলা থানার সঙ্গে যোগাযোগ করা হয়। খবর দেওয়া হয় পরিবারকে। শুক্রবার পরিবারের সদস্যরা মালদা থানায় যোগাযোগ করে। মহিলাটিকে তার পরিবারের হাতে তুলে দিয়েছে মালদা থানার পুলিশ।

Post a Comment