চলতি মরসুমে মালদা জেলায় আমের রেকর্ড ফলনের সম্ভাবনা
দি নিউজ লায়নঃ শীতের দাপট কমতেই বিভিন্ন বাগানগুলিতে ব্যাপকহারে আমের মুকুল ধরেছে। চলতি বছর অধিক ফলনের আশা এখন থেকেই স্বপ্ন দেখছেন আম চাষীরা। শিলাবৃষ্টি অথবা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারে মালদায় রেকর্ড আমের ফলন পারে বলেও মনে করছেন আম চাষীরা। ইতিমধ্যে মালদার জেলার বিভিন্ন ব্লকের আমবাগানের গাছগুলিতে মুকুলে ছয়লাপ হয়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে বিভিন্ন গাছে মুকুল ধরতে শুরু করে, সেই মতো এবছরও গাছে আমের মুকুল এসেছে।
কিন্তু গতবার থেকে এবছরে মুকুলের পরিমাণ অনেক বেশি বলে জানিয়েছেন মালদার একাংশ আম চাষীরা। তাই এখন থেকেই আমের ফলনে লাভের আশায় দিন গুনছেন অধিকাংশ চাষীরা। উদ্যানপালন দফতরের অধিকর্তা রাহুল চক্রবর্তী জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমের মুকুল গাছে চলে এসেছে। এই পরিস্থিতিতে এখন সংশ্লিষ্ট দপ্তরের পরামর্শ নিয়ে বাগান গুলির পরিচর্যা করার কথা চাষীদের জানানো হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবছর রেকর্ডসংখ্যক আমের উৎপাদন হবে বলে অনুমান করা হচ্ছে।
উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় প্রায় ৩০ হাজার হেক্টর জমি জুড়ে আম চাষ হয়ে থাকে। ২০২০ সালে মালদায় আম উৎপাদন হয়েছিল প্রায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন । তবে এবছর অনুকূল আবহাওয়া থাকলে এই উৎপাদনের মাত্রা অনেক গুন বাড়তে পারে বলে মনে করছে উদ্যানপালন দপ্তর। উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মুকুলের অবস্থান দেখে মনে করা হচ্ছে এবছর চার লক্ষ মেট্রিক টনেরও বেশি আম উৎপাদন হতে পারে। তবে কালবৈশাখী ঝড় , বৃষ্টি , রোগ পোকার আক্রমণ পরিস্থিতির সম্মুখীন না হলে আম উৎপাদনের মাত্রা অনেকটাই বাড়বে।

Post a Comment