কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর যাত্রাপথে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ শুক্রবার পূর্ব মেদিনীপুর যাওয়ার পথে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দৃষ্টি আকর্ষণ করে উলুবেড়িয়ার বীরশিবপুরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। যদিও তৃণমূলের পক্ষ থেকে জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে এই প্রতিবাদ কর্মসূচি পালন করায় কেন্দ্রীয় মন্ত্রীর যাতায়াতের পথে কোন ব্যাঘাত ঘটেনি। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার দুপুরে বিরশিবপুর আরেকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার পেট্রল পাম্পে বিক্ষোভে শামিল হয়েছিল তৃণমূল নেতা কর্মীরা।
ফাঁকা গ্যাসের সিলিন্ডার নিয়ে এই অভিনব বিক্ষোভে নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল সভাপতি বিধায়ক পুলক রায়। এদিন নিজে কাঁধে ফাঁকা গ্যাসের সিলিন্ডার নিয়ে বিক্ষোভে সামিল হোন। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস,পুরসভার বিদায়ী ভাইস-চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান সহ অন্যান্যরা।
এদিন বিধায়ক পুলক রায় বলেন যেভাবে রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটেছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। তিনি অভিযোগ করেন গত দুই মাসে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা বেড়েছে। তিনি বলেন অবিলম্বে মূল্যবৃদ্ধি না কমানো হলে তৃণমূল বৃহত্তর আন্দোলনে নামবে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করা হয়।

Post a Comment