বর্ধমানে লরির ধাক্কায় একই পরিবারের তিন সদস্য সহ ৪ জনের মৃত্যুর ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু
দি নিউজ লায়নঃ বর্ধমান থানার আলিসায় জাতীয় সড়কে লরির ধাক্কায় একই পরিবারের তিন সদস্য সহ ৪ জনের মৃত্যুর ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হল। বেপরোয়াভাবে গাড়ি চালানো ও জেনে বুঝে মৃত্যু ঘটানোর ধারায় মামলা রুজু হয়েছে। যদিও লরিটি এখনও ধরা পড়েনি। ঘাতক লরিটিকে শনাক্তও করতে পারেনি পুলিস। বর্ধমান থানার এক অফিসার বলেন, লরিটিকে শনাক্ত করতে এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে লরিটির হদিশ পাওয়া যাবে বলে আশা করি।
রবিবার ভোরে আলিশার বাসিন্দা বিষ্টু রুইদাস, তাঁর স্ত্রী ঝর্ণা রুইদাস, পুত্রবধূ চম্পা রুইদাস ও তাঁদের প্রতিবেশী সরস্বতী সেন বাইরে কাজে যেতে বাস ধরার জন্য হেঁটে তেলিপুকুরের দিকে যাচ্ছিলেন। রাস্তার বাঁ দিক দিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় উল্লাস মোড় থেকে তেলিপুকুরের দিকে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই বিষ্টু, ঝর্ণা ও চম্পা মারা যান।
সরস্বতীকে আলিশা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভরতির কিছুক্ষণ পর তিনি মারা যান। ঘটনার বিষয়ে বিষ্টুর ছেলে ভাগ্য রুইদাস থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বেপরোয়াভাবে চালানোর কারণেই ঘটনাটি ঘটেছে। ৪ জনের মৃত্যুর জন্য লরিচালক দায়ী। ঘটনার পরের দিন মুখ্যমন্ত্রীর নিের্দশে মৃতদের পরিবারের হাতে জেলা প্রশাসনের তরফে ৮ লক্ষ টাকা তুলে দেওয়া হয়।

Post a Comment