নির্বাচনে দিনক্ষণ ঘোষণার আগেই বিজেপি প্রাথীর নিশ্চিত নাম দিয়ে ফ্লেক্স
দি নিউজ লায়নঃ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নিশ্চিত নাম দিয়ে ফ্লেক্স টাঙ্গানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নদিয়ার তাহেরপুর পৌরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এবং রানাঘাট পূর্ব পার এলাকায়, সদ্য বিজেপিতে যোগদানকারী রানাঘাট পৌরসভার পৌর প্রশাসক তথা প্রাক্তন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের নামে, তার ছবি সম্বলিত ফ্লেক্স ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ফ্লেক্সে লেখা― "আসন্ন বিধানসভা নির্বাচনে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী জননেতা পার্থসারথি চ্যাটার্জী এই চিহ্নে ভোট দিন।" ওই ফ্লেক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,জেপি নাড্ডা, অমিত শাহ, দিলীপ ঘোষ,মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় ছবি রয়েছে ছোট আকারে। আর সেখানে বড় আকারে পার্থসারথি চট্টোপাধ্যায়ের ছবি ঘিরে ছড়িয়েছে জল্পনা। এই ফ্লেক্স প্রসঙ্গে সদ্য বিজেপিতে যোগদানকারী পার্থসারথি চট্টোপাধ্যায় জানান, এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। আমি বিজেপিতে যোগদান করে আপ্লুত। কাজেই এটা যারা করেছে তারা চক্রান্ত করেই করছে। তারা ইচ্ছাকৃতভাবে বিজেপির সঙ্গে আমার একটা বিভেদ বানানোর প্রচেষ্টা চালাচ্ছে।
যদিও এই ফ্লেক্স প্রসঙ্গে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাধন সরকারের দাবি, তাহেরপুরে বিজেপির অস্তিত্বই বিপন্ন।পার্থসারথি চ্যাটার্জী যেদিন তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন,সেদিন থেকে তার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই।এখানে বিজেপি তাদের জল মারতে চাইছে। এর সঙ্গে আমাদের দলের কোনও সংযোগ নেই।

Post a Comment