হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকার সাঁপুইপাড়ায় বিশাল জনসভা তৃণমূলের
দি নিউজ লায়নঃ কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এবং রান্নার গ্যাস, ডিজেল ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় নিশ্চিন্দা থানা এলাকার সাঁপুইপাড়া রবীন্দ্রপল্লী ফুটবল মাঠে রবিবার বিকেলে এক জনসভার আয়োজন করে তৃণমূল। ওই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য।
এছাড়াও তৃণমূল নেতা কল্যাণ ঘোষ, অনুপ্লব ঘোষ, হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রাণকৃষ্ণ মজুমদার, কৈলাস মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এদিন অরূপ রায় তাঁর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় উন্নয়ন হয়েছে। তিনি দলের একজন কর্মী হিসেবে মানুষের পাশে থাকার বার্তা দেন। এদিন ভাস্কর ভট্টাচার্য তাঁর বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন।
কন্যাশ্রী, রূপশ্রী থেকে স্বাস্থ্যসাথীর কথা উল্লেখ করেন তিনি। অনুপ্লব ঘোষ তাঁর বক্তব্যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে বলেন, উনি নিজেকে হরিদাস পাল বন্দ্যোপাধ্যায় দাবি করেন। ডোমজুড়ের রাস্তা, জল, আলো সব নাকি উনি করেছেন বলে দাবি করেন। কিন্তু আমরা কাউকে অসম্মান করতে শিখিনি। আমাদের দলের শিক্ষা শিষ্টাচার। তাই আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতেন তাহলে ডোমজুড়ের এই উন্নয়ন হতো না। আর যদি হাওড়ায় নবান্ন না থাকতো তাহলে হাওড়া শহরের এত উন্নয়ন কোনও দিন হতো না।

Post a Comment